বুলেট বাউন্স করে এসে ঘায়েল ছিনতাইকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাই করার সময় গুলি ছুড়ল কিশোর ছিনতাইকারী। বুলেট গিয়ে লাগল ছিনতাইয়ের শিকার পথচারীর মুখে। তবে এটি বাউন্স করে ফিরে এসে ঘায়েল করল তারই দুষ্কর্মের সহযোগীকে।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গত ১৪ ডিসেম্বর ঘটে এ ঘটনা।

সান ফ্রান্সিসকোর পুলিশ জানায়, অ্যালমানি বুলভার্ড এলাকার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারীকে ঘিরে ফেলে একদল কিশোর। তারা ওই পথচারীকে তাঁর মুঠোফোন সেটটি দিতে বলে। কিশোরদের মধ্যে একজন তাঁর মাথায় বন্দুক তাক করে রাখে এবং আরেকজন পকেটে তল্লাশি চালায়।

এ সময় পথচারী ছিনতাইকারীদের বাধা দেননি, আবার তাদের দাবিও মেনে নেননি। কিন্তু অস্ত্র তাক করে থাকা ছিনতাইকারী বিনা উসকানিতে তাকে লক্ষ্য গুলি করে। তবে গুলিটি পথচারীর মুখের হাড়ে লেগে বাউন্স করে এসে ক্লিফটন চ্যাটম্যান নামের এক ছিনতাইকারীর গায়ে বিদ্ধ হয়। সে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীদের দলটি পালিয়ে যায়। পুলিশ সেখানে আহত পথচারী ও নিহত ছিনতাইকারীর লাশ উদ্ধার করে। ঘটনার শিকার পথচারী আহত হলেও প্রাণে বেঁচে যান।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। হত্যা ও ছিনতাইয়ের অভিযোগ ওঠা ছিনতাইকারী কিশোর হওয়ায় পুলিশ তার নাম বা ছবি প্রকাশ করেনি। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।