বুশ ও ওবামার মধ্যে পার্থক্য নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে নৈতিক দিক থেকে কোনো পার্থক্য নেই। বুশ সরকার গণবিধ্বংসী অস্ত্র থাকার অজুহাতে ইরাকে হামলা চালিয়েছিল; এখন ওবামা প্রশাসন বেসামরিক লোকজন হত্যা করার অভিযোগ তুলে লিবিয়ার ওপর একই কায়দায় হামলা চালাচ্ছে। গত রোববার মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন মিসরাতায় গাদ্দাফি বাহিনীর হাতে গত ছয় সপ্তাহে এক হাজারের বেশি লোক নিহত হয়েছে বলে দাবি করলেও সাইফ সে দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, তাঁরা লিবিয়ার বেসামরিক কোনো লোককে হত্যা করছেন না। তাঁরা কিছু ‘দেশদ্রোহী’র সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।সাইফ আল ইসলাম বলেন, বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর গুলি ছোড়ার যেসব তথ্যপ্রমাণ বিভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, তার সবই ডাহা মিথ্যা। তিনি বলেন, ইরাকযুদ্ধের আগে ঠিক একইভাবে তৎকালীন সাদ্দাম সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল।সাইফ বলেন, ‘এটা একেবারেই ডব্লিউএমডির মতো। তারা তখন বলেছিল, ডব্লিউএমডি, ডব্লিউএমডি, ডব্লিউএমডি, যাও, ইরাকে হামলা চালাও। এখন তারা বলছে, সিভিলিয়ান (বেসামরিক লোক), সিভিলিয়ান, সিভিলিয়ান, যাও, লিবিয়ায় হামলা চালাও! এটা সেই ঘটনারই পুনরাবৃত্তি।’সাইফ বলেন, তাঁর বাবার (গাদ্দাফি) সরকার ‘সন্ত্রাসীদের’ সঙ্গে আগে বোঝাপড়া করবে। তারপর সংস্কার নিয়ে আলোচনায় বসবে। তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় ইস্যু হলো সন্ত্রাসী ও মিলিশিয়া দমন। এসব থেকে মুক্তি পেলে সব সমস্যার সমাধান সম্ভব হবে।’বেসামরিক লোক হত্যার অভিযোগ প্রসঙ্গে সাইফ বলেন, লিবিয়ায় আসলে কী কী ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তিনি যুক্তরাষ্ট্রকে তদন্ত দল পাঠানোর আমন্ত্রণ জানাচ্ছেন। তাঁরা চান, সরেজমিনে কী ঘটছে, হিউম্যান রাইটস ওয়াচ তা দেখে যাক। তিনি বলেন, তাঁরা আন্তর্জাতিক অপরাধ আদালতের ভয়ে মোটেও ভীত নন। তাঁরা নিশ্চিত যে লিবিয়ার সাধারণ মানুষের বিরুদ্ধে তাঁরা কোনো নির্যাতনমূলক আচরণ করছেন না।সাইফ আল ইসলাম আরও বলেন, এখন যাঁরা সংস্কারের বুলি আউড়ে ট্রানজিশনাল ন্যাশনাল কাউন্সিলের নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের বেশির ভাগই একদিন লিবিয়া সরকারের ‘নেমক খেয়েছেন’। তিনি নিজে যেসব লোককে সরকারের গুরুত্বপূর্ণ পদে ঠাঁই দিয়েছিলেন, তাঁরাই বিশ্বাসঘাতকতা করেছেন।সাইফ বলেন, ‘আমরা একসঙ্গে খেয়েছি, ওঠাবসা ও গল্পগুজব করেছি। একসময় তাঁরা আমার নিজের লোক ছিলেন। এখন তাঁরাই লিবিয়ার জন্য বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে।’এদিকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাজধানী ত্রিপোলি থেকে ২১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত মিসরাতায় গাদ্দাফি বাহিনীর গোলা নিক্ষেপ এবং পশ্চিমা বাহিনীর বিমান হামলার কারণে সেখান থেকে বহু লোক পালিয়ে যাচ্ছে।সেখানকার মানবিক বিপর্যয়কর পরিস্থিতিতে আইওএমসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। হাঙ্গেরিতে সফররত জাতিসংঘের মহাসচিব বান কি মুন লিবিয়ায় যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এএফপি।