সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ তাঁর মেয়াদকালের শেষ দিকে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। লাদেনের নাগাল পাওয়ার সর্বশেষ চেষ্টা হিসেবে তিনি ওই আমন্ত্রণ জানান বলে ওমরের দাবি। স্প্যানিশ পত্রিকা লা ভ্যাঙ্গুরদিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।লাদেনের চতুর্থ ছেলে ওমরের ভাষ্য, ২০০৯ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসের কয়েকজন কর্মী কাতারের রাজধানী দোহায় তাঁর সঙ্গে দেখা করেন। তিনি বলেন, ‘তাঁরা আমাকে হোয়াইট হাউসে যাওয়ার আমন্ত্রণ জানান। বাবার খোঁজ দেওয়ার বিনিময়ে আমাকে সহায়তা ও সুরক্ষা দেওয়ার প্রস্তাব করেন তাঁরা।’ওমর বলেন, সংগত কারণেই তিনি ওই প্রস্তাব প্রত্যাখান করেন। তিনি বলেন, ‘তাঁদের বলে দিয়েছিলাম যে এ কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।’ওমর বলেন, প্রায় এক দশক ধরে বাবার সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার কয়েক মাস আগে আফগানিস্তানের তোরা বোরা পাহাড়ে বাবার আস্তানা থেকে তিনি চলে আসেন। পিটিআই।