আল-কায়েদা জঙ্গি খালিদ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (সিআইএ) ওয়াটারবোর্ডিং পদ্ধতি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন সে দেশের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বুশের স্মৃতিকথায় এ কথা উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে গত বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। বইটি এ সপ্তাহে প্রকাশিত হবে।বুশের স্মৃতিকথা ‘ডিসিশন পয়েন্টস’ পড়েছেন এমন এক ব্যক্তির বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, স্বীকারোক্তি আদায়ের কৌশল হিসেবে ওয়াটারবোর্ডিং পদ্ধতির (সন্দেহভাজন বন্দীদের পানিতে চুবানো ও মুখে একনাগাড়ে পানি ঢালার) অনুমতি চেয়ে সিআইএ আবেদন করলে বুশ তাতে অনুমোদন দেন। বইটির এক অংশে উল্লেখ করা হয়েছে, বুশ বিশ্বাস করতেন, ৯/১১ সন্ত্রাসী হামলার ঘটনায় খালিদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তাই তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদে সিআইএকে ওই ধরনের কৌশল অবলম্বনের অনুমতি দেন তিনি। আবারও যদি একই ধরনের সিদ্ধান্ত নিতে বলা হয়, তাহলে বুশ মার্কিনিদের জীবন বাঁচানোর প্রশ্নে আবারও একই ধরনের সিদ্ধান্ত নেবেন। সিআইএর বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের নামে বন্দীদের শারীরিক নির্যাতনের ব্যাপক অভিযোগ রয়েছে। ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বুশ প্রশাসনের ‘ওয়াটারবোর্ডিং’ পদ্ধতির সমালোচনা করেন। এএফপি।