বুশের প্রতিকৃতি ওবামার প্রেরণা!
হোয়াইট হাউসে একটি প্রতিকৃতি টাঙানো হয়েছে। যাঁর প্রতিকৃতি টাঙানো হয়েছে তিনি নিজেই এর মাহাত্ম্য বর্ণনা করেছেন—‘কঠিন কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে প্রেসিডেন্ট ওবামা যখন হোয়াইট হাউসে পায়চারি করবেন, তখন তাঁর জন্য প্রেরণা হতে পারে এই প্রতিকৃতিটি!’প্রতিকৃতিটি আর কারও নয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের। ‘রসিক’ হিসেবে বুশের সুনাম না থাকলেও নিজের পুরোনো জায়গায় ফিরে এমন সরস মন্তব্য করে উপস্থিত সবাইকে আনন্দ দিয়েছেন তিনি।গত বৃহস্পতিবার বুশ সস্ত্রীক হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার অতিথি হয়েছিলেন। হোয়াইট হাউসের দেয়ালে নিজের প্রতিকৃতি উন্মোচনের জন্যই পুরোনো গৃহে বুশের হঠাৎ আগমন ঘটে।অনুষ্ঠানে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক ক্ষমতার পালাবদলই যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে শক্তিশালী করেছে।’বুশের প্রতিকৃতি উন্মোচনের সময় দর্শকসারিতে ছিলেন বুশের বাবা সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এবং মা বারবারা বুশ। বুশ বলেন, ১৮১৪ সালে হোয়াইট হাউসে অগ্নিসংযোগ করা হলে তৎকালীন ফার্স্ট লেডি ডলি ম্যাডিসন আগুন থেকে জর্জ ওয়াশিংটনের প্রতিকৃতি রক্ষা করেছিলেন। বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামাকে লক্ষ্য করে তিনি বলেন, ‘এখন এমন কিছু ঘটলে আমার ছবিটি রক্ষা করাটা তোমার দায়িত্ব।’