বুশের প্রশংসা করতে টেক্সাস যাচ্ছেন ওবামা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অতীতে তাঁর পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশের কঠোর সমালোচনা করেছেন। সেই সমালোচনার মাত্রা অনেক সময় চরম পর্যায়েও পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সেই বুশের প্রশংসা করবেন ওবামা! আর এ জন্য টেক্সাস যাচ্ছেন তিনি! আজ টেক্সাসে বুশের প্রতিষ্ঠিত একটি গ্রন্থাগার ও জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ওবামা। সেখানে জীবিত মার্কিন সাবেক সব প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুশের উত্তরসূরি হিসেবে ওবামা ইরাক ও আফগানিস্তান যুদ্ধ, বিতর্কিত গুয়ানতানামো বে কারাগার এবং অর্থনৈতিক সংকট পেয়েছিলেন। এসব নিয়ে বিভিন্ন সময় বুশের সমালোচনা করেন ওবামা। এর আগে ২০০৮ সালে ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে ওয়াশিংটনের রাজনীতি ভেঙে পড়ার জন্য বুশকে দায়ী করেন এবং বুশের সব ধরনের নীতি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুই সপ্তাহ আগে তৎকালীন প্রেসিডেন্ট বুশের সমালোচনা করে ওবামা বলেন, ব্যর্থ নেতৃত্বের চূড়ান্ত প্রকাশ হলো অর্থনৈতিক সংকট। তবে আজ ওবামা ও সাবেক চার প্রেসিডেন্ট এক হলে ওবামা তাঁর পূর্বসূরির সমালোচনা করবেন না। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে বলেন, ‘ওবামা বিশ্বাস করেন, যাঁরা মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন, তাঁদের মধ্যে একটি বিশেষ বন্ধনের সৃষ্টি হয়।’ এএফপি।