বুশের বাড়িতে হামলার ষড়যন্ত্রের অভিযোগে সৌদি ছাত্র গ্রেপ্তার
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ডালাসের বাসভবনে হামলার ষড়যন্ত্রের অভিযোগে সৌদি আরবের এক ছাত্রকে গ্রেপ্তার করেছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) সদস্যরা।মার্কিন বিচার বিভাগ সূত্রে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ছাত্রের নাম খালিদ আলী-এম আলদাওসারি (২০)। তিনি ২০০৮ সালে ছাত্র ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন। পড়াশোনা করতেন টেক্সাসের সাউথ প্লেইনস কলেজে। গত বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।সরকারি সূত্রে জানা গেছে, কিছু গুরুত্বপূর্ণ বাঁধ, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং সাবেক প্রেসিডেন্ট বুশের বাসভবনে বোমা হামলা চালানোর ব্যাপারে বিস্তর গবেষণা করেন খালিদ। বোমা তৈরির জন্য রাসায়নিক পদার্থসহ বিভিন্ন ধরনের উপকরণও সংগ্রহ করেন তিনি। এফবিআইয়ের সদস্যরা তাঁর বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু রাসায়নিক পদার্থসহ বোমা তৈরির উপকরণ উদ্ধার করেন।সরকার পক্ষের আইনজীবীরা বলেছেন, খালিদ যুক্তরাষ্ট্রে এসেছেন মূলত সন্ত্রাসী হামলা চালাতে। একটি জিহাদি ব্লগে তিনি যেসব কথাবার্তা লিখেছেন, তা থেকেই বিষয়টি স্পস্ট। সূত্রমতে, একটি জিহাদি ব্লগে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে খালিদ লেখেন, ‘তুমি মানবজাতি সৃষ্টি করেছ। আমাকে তুমি শহীদ হিসেবে কবুল করো এবং জিহাদকে সহজ করে দাও।’ আরেক জায়গায় তিনি লেখেন, নাস্তিকদের দেশে একটি জিহাদি হামলা মুসলিম দেশের দখলদার বাহিনীর বিরুদ্ধে চালানো ১০টি হামলার সমান।একটি সূত্রে বলা হয়েছে, এ মাসের প্রথম দিকে একজন রাসায়নিক পদার্থ বিক্রেতা খালিদের ব্যাপারে এফবিআইকে অবহিত করেন। সেই সূত্র ধরেই এফবিআই প্রায় এক মাস খোঁজখবর নিয়ে খালিদকে গ্রেপ্তার করে।খালিদের বিরুদ্ধে আনা বিধ্বংসী হামলা চালানোর ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হলে তাঁর কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ড ও আড়াই লাখ মার্কিন ডলার জরিমানা হতে পারে। এএফপি, পিটিআই।