বেঁচে থাকলেও নেতৃত্বে নেই মেহসুদ: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ বেঁচে আছেন, নাকি নিহত হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। তবে এটা সত্যি, তিনি আর তালেবান জঙ্গিদের নেতৃত্বে নেই। পেন্টাগনের প্রেস সেক্রেটারি গিয়োফ মোরেল এসব কথা বলেন।গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মোরেল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ‘হাকিমুল্লাহর ভাগ্যে সত্যি কী ঘটেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এটা জোর দিয়ে বলতে পারি, পাকিস্তানি তালেবান জঙ্গিদের ওপর তাঁর নিয়ন্ত্রণ নেই। এই জঙ্গিনেতা বেঁচে আছেন, নাকি নিহত হয়েছেন, সে ব্যাপারে জোরালো প্রমাণ দেখানো মুশকিল। এর পরও স্পষ্টতই বোঝা যায়, হাকিমুল্লাহ আর নেতৃত্বে নেই।গত জানুয়ারি মাসে মার্কিন মনুষ্যবিহীন বিমান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় হাকিমুল্লাহ মেহসুদ নিহত হন বলে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়। তখন থেকে হাকিমুল্লাহর নিহত হওয়ার এই খবরের পক্ষে-বিপক্ষে বক্তব্য পাওয়া যায়। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের শীর্ষ সরকারি কর্মকর্তারা দাবি করেন, তিনি নিহত হয়েছেন। কিন্তু তালেবানের পক্ষ থেকে এ ধরনের দাবি প্রত্যাখ্যান করা হয়। তালেবান বলে আসছিল, তাঁদের নেতা হাকিমুল্লাহ মেহসুদ ওই হামলায় আহত হন, এটা সত্যি। তবে তিনি বেঁচে আছেন। কোথায় আছেন, এটা নেতার নিরাপত্তার খাতিরে তা প্রকাশে অপারগতা জানায় তালেবান জঙ্গিরা।এদিকে গত বৃহস্পতিবার নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, হাকিমুল্লাহ বেঁচে আছেন। বেশ কিছুদিন ধরে তাঁর তত্পরতা বেড়েছে। এএফপি ও পিটিআই অনলাইন।