বেইজিং ও মেক্সিকো সিটি বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহর
বেইজিং ও মেক্সিকো সিটি হচ্ছে বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহর। মার্কিন প্রতিষ্ঠান আইবিএম কম্পিউটার পেইন স্টাডির এক গবেষণা প্রতিবেদনে গত বুধবার এ তথ্য জানানো হয়েছে।এ গবেষণা চালাতে গিয়ে আইবিএম বিশ্বের ২০টি শহরের আট হাজার ১৯২ জন মোটর গাড়ির চালক ও মালিকের সাক্ষাৎকার নেয়। এ সময় তাঁরা জানান, বিগত তিন বছরে যানজট-পরিস্থিতির অবনতি হয়েছে।আইবিএম সবচেয়ে যানজটপূর্ণ নগরের যে তালিকা করেছে, তাতে বেইজিং ও মেক্সিকো সিটির পরেই আছে জোহানেসবার্গ, মস্কো ও নয়াদিল্লি। তালিকায় এর পরে আছে সাওপাওলো, মিলান, বুয়েনস এইরেস, মাদ্রিদ, লন্ডন, প্যারিস, টরন্টো, আমস্টারডাম, লস অ্যাঞ্জেলেস, বার্লিন, মন্ট্রিল, নিউইয়র্ক, হিউস্টন, মেলবোর্ন ও স্টকহোম।আইবিএমের গবেষণায় বলা হয়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে যানজটপূর্ণ নগর হচ্ছে লস অ্যাঞ্জেলেস। তবে বেইজিংয়ের অবস্থা এর চেয়ে পাঁচ গুণ খারাপ। মস্কোতে প্রতিদিন গড়ে যানজট থাকে আড়াই ঘণ্টা। গবেষণায় অংশ নেওয়া চীনের ৪৮ শতাংশ গাড়ির চালক জানান, বেইজিংয়ের যানজটের অবস্থা আগে এর চেয়েও খারাপ ছিল। নগর সম্প্রসারণ ও পরিবহনব্যবস্থায় সংস্কার আনায় বর্তমানে যানজট-পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এএফপি।