বেইজিংয়ে কড়া নিরাপত্তার কারণে অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সম্মেলন চলাকালে রাজধানী বেইজিংয়ে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের নিরবচ্ছিন্ন টহল অব্যাহত রয়েছে। তাঁদের সহায়তার জন্য ১৪ লাখ স্বেচ্ছাসেবীও তৎপর রয়েছেন। সিপিসির বহুল আলোচিত অষ্টাদশ সম্মেলন চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা অবলম্বন করছে। তবে স্বেচ্ছাসেবীদের অনেকে সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। ঝাং ওয়েইলিন নামের এক নিরাপত্তারক্ষী অভিযোগ করেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনে তাঁকে বাধ্য করা হয়েছে। সিপিসির সম্মেলন চলাকালে দায়িত্ব পালনের জন্য তাঁদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।ভিন্নমতাবলম্বী বাও তং বলেন, নিরাপত্তা বাহিনীকে সাম্প্রতিক বছরগুলোতে শক্তিশালী করে তোলায় সিপিসির শাসন যে বৈধতা হারিয়েছে, সেটাই প্রমাণ হয়। বিশ্বের কোনো দেশই নিজের জনগণকে সবচেয়ে বড় শত্রু মনে করে না। প্রজাতন্ত্রে জনগণেরই সব ক্ষমতার অধিকারী হওয়া উচিত। কিন্তু চীনে স্থিতিশীলতা রক্ষার নামে জনসাধারণের প্রতি শত্রুতামূলক আচরণ করা হচ্ছে। এটি জনগণের প্রতি অবমাননার শামিল।চীনের অগণতান্ত্রিক শাসনব্যবস্থায় সামাজিক অস্থিরতা ও গণ-অসন্তোষের আশঙ্কা ক্রমশ বাড়ছে। তাই হু জিনতাওয়ের নেতৃত্বাধীন সরকার দেশটির নিরাপত্তা বাহিনীকে ধাপে ধাপে শক্তিশালী করে তুলেছে। বর্তমান সরকারের শাসনামলে নিরাপত্তা খাতে বিপুল বাজেট বরাদ্দ রাখা হয়েছে। সিপিসির শাসনকে সুরক্ষিত রাখতে নিরাপত্তার নামে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যেকোনো ধরনের বিক্ষোভ হলেই পুলিশকে খবর দেওয়া হয়। শাসকদের কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই কারাভোগ ও বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়। মানবাধিকার সংস্থাগুলো এসব বিষয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে। এএফপি।