বেইজিংয়ের পদক্ষেপে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: বাইডেন
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীনের ঘোষিত নতুন ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। টোকিওতে গতকাল মঙ্গলবার জাপানের নেতাদের সঙ্গে বৈঠকের আগে এই মন্তব্য করেন তিনি।
বেইজিং-টোকিও তিক্ত সম্পর্কের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে পাশে চায় জাপান। পূর্বচীন সাগরসহ বেশ কিছু বিরোধপূর্ণ এলাকা নিয়ে চীন ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণা দিলে এই অঞ্চলে উত্তেজনা দেখা দেয়। এমন পরিস্থিতিতে ঘনিষ্ঠ মিত্র জাপানের প্রতি সমর্থন জানাতেই উত্তর-পূর্ব এশিয়ায় সফর করছেন বাইডেন।
সফর শুরুর প্রাক্কালে জাপানের প্রভাবশালী পত্রিকা আশাহি শিমবুনকে বাইডেন বলেন, ‘চীনের ঘোষণায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমি আমাদের জোটভুক্ত দেশগুলোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে চাই এবং যেসব কর্মকাণ্ড এ অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির পথে অন্তরায়, সেগুলো পরিহার করার গুরুত্ব তুলে ধরতে চাই।’
পূর্বচীন সাগরে বেশ কিছু জনবসতিহীন দ্বীপের মালিকানা নিয়ে কয়েক বছর ধরেই চীন-জাপান উত্তেজনা চলে আসছে। অনেক পর্যবেক্ষকের আশঙ্কা, এই বিরোধের পরিণতি সশস্ত্র সংঘাতের দিকেও গড়াতে পারে। চীন ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ ঘোষণার পর উত্তেজনা নতুন মোড় নিয়েছে।
চীন বলেছে, তাদের ঘোষিত অঞ্চল দিয়ে যেতে হলে সব আকাশযানকে বেইজিংয়ের নির্দেশনা মানতে হবে। অন্যথায় ‘প্রতিরক্ষামূলক জরুরি ব্যবস্থা’র ঝুঁকির মুখে পড়তে হবে।
টোকিওতে প্রধানমন্ত্রী শিনঝো আবের সঙ্গে বাইডেনের মুখোমুখি বৈঠকের আগে জাপানের মন্ত্রিপরিষদ বিভাগের মুখ্য সচিব ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেন, ‘চীনের ঘোষিত ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ যে অগ্রহণযোগ্য, সে বিষয়ে জাপান ও যুক্তরাষ্ট্র একমত। আমি মনে করি, (বাইডেন) চীন সফরকালে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।’
বেইজিংয়ের ওই ঘোষণায় জাপান ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান ক্ষুব্ধ। চীনা আদেশ উপেক্ষা করে তারা সবাই ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ দিয়ে বিমান উড়িয়েছে। এএফপি।