
আফগানিস্তানে ১৬ জন গ্রামবাসী হত্যার দায়ে মার্কিন সেনাসদস্য রবার্ট বেইলসকে গত শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে ১৩ জন সহকর্মীকে ২০০৯ সালে গুলি করে হত্যার ঘটনায় মনস্তত্ত্ববিদ মেজর নিদাল হাসানকে শুক্রবার দোষী সাব্যস্ত করা হয়।
রবার্ট বেইলস কান্দাহার প্রদেশের একটি গ্রামে ২০১২ সালে নারী ও শিশুসহ ১৬ জনকে গুলি করে হত্যা করেন। মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে তিনি গত জুনে অপরাধ স্বীকার করেন। ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে বিচারের শুনানি চলাকালে তিনি গত বৃহস্পতিবার দুঃখ প্রকাশ করে ক্ষমাপ্রার্থনা করেন।
ছয়জন বিচারকের সামরিক আদালত বেইলসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তিনি কোনো প্যারোল বা শর্ত সাপেক্ষে মুক্তি পাবেন না। তাই বাকি জীবন তাঁকে কারাগারেই কাটাতে হবে। তবে প্রচলিত আইন অনুযায়ী তিনি ২০ বছর কারাভোগের পর অনুকম্পার জন্য আবেদন করতে পারবেন।
সাতজন আফগান নাগরিক ওই মামলায় যুক্তরাষ্ট্রে গিয়ে সাক্ষ্য দেন। তাঁদের কয়েকজন বলেন, তাঁরা আসামির মৃত্যুদণ্ড চেয়েছিলেন। বেইলসের মৃত্যুদণ্ড না হওয়ায় আফগানিস্তানেও হতাহতদের স্বজন ও স্থানীয় নেতাদের অনেকে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
সব অভিযোগে অভিযুক্ত নিদাল: ৪২ বছর বয়সী মেজর নিদাল হাসানকে টেক্সাসের ফোর্ট হুডের একটি সামরিক আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁর মৃত্যুদণ্ড হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আফগানিস্তানে তালেবান বিদ্রোহীদের বাঁচাতে ১৩ জন মার্কিন সেনাসদস্যকে নিরস্ত্র অবস্থায় হত্যা এবং ৩২ জনকে হত্যাচেষ্টার সবগুলো অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। এ ব্যাপারে ১৩ সদস্যের বিচারক প্যানেল সর্বসম্মতিক্রমে নিদালের মৃত্যুদণ্ডের রায় দিতে পারেন। আর সর্বসম্মত সিদ্ধান্ত না হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হবে।
মার্কিন সেনাবাহিনীতে ১৯৬১ সালের পর থেকে এ পর্যন্ত কোনো সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। সামরিক বাহিনীর কোনো সদস্যের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হলে মার্কিন প্রেসিডেন্টের সম্মতির প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় জন্মগ্রহণকারী মুসলিম ধর্মাবলম্বী নিদাল হাসানের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার যোগসাজশ ছিল বলে অভিযোগ রয়েছে। এএফপি ও বিবিসি।