বেকারত্বের হারে স্পেনে নতুন রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনে বেকারত্বের হার নতুন রেকর্ড ছুঁয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে দেশটির কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের হার ২৭ দশমিক ২ শতাংশে গিয়ে ঠেকেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত দেশটির দাপ্তরিক তথ্য-উপাত্তে এ চিত্র দেখা গেছে।২০১১ সালের শেষ তিন মাসে স্পেনে বেকারত্বের হার ছিল ২৬ দশমিক শূন্য ২ শতাংশ। ২০১৩ সালের প্রথম তিন মাসে দুই লাখ ৩৭ হাজার ৪০০ জন বেড়ে বেকার লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখে। জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (এনএসটি) এ কথা জানিয়েছে। অবশ্য বেকারত্বের হার বৃদ্ধির ধারা কিছুটা কমেছে।এই পরিসংখ্যানই বলে দেয়, ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ বৃহত্তম অর্থনীতি স্পেনে পাঁচ বছর আগে শুরু হওয়া অর্থনৈতিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে দেশটিকে কী ধরনের সংগ্রাম চালাতে হচ্ছে। ইউরোপের একসময়ের চাকরি তৈরির যন্ত্র খ্যাত স্পেন ২০০৮ সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কবলে পড়ে। গত বছর দেশটির অর্থনীতির প্রবৃদ্ধি ১ দশমিক ৩৭ শতাংশ কমে আসে। ১৯৭০ সালের পর এমন দুরবস্থা আসেনি স্পেনের অর্থনীতিতে। সরকারের পূর্বাভাস অনুযায়ী, এ বছর দেশটির অর্থনীতি আরও এক থেকে দেড় শতাংশ সংকুচিত হয়ে আসতে পারে।এদিকে অর্থনৈতিক দুরবস্থার জের ধরে স্পেন একের পর এক ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে। সরকারের ব্যয় সংকোচন নীতির প্রভাব পড়তে শুরু করে জনজীবনে। ২০০৭ সালে যেখানে বেকারত্বের হার ছিল ৭ দশমিক ৯৫ শতাংশ, দেশটির গৃহায়ণ খাতে ধস নামার জের ধরে তার পর থেকে এ হার বাড়তে শুরু করে। স্পেনে চাকরির বাজারের শোচনীয় অবস্থার জের ধরে দেশটি থেকে অভিবাসীদের বের করে দেওয়ার ঘটনা বাড়ছে। হাজার হাজার অভিবাসী এরই মধ্যে স্পেন ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন। স্পেনের আদালতগুলো ২০০৮ সাল থেকে এ পর্যন্ত দুই লাখ ৫২ হাজার ৮২৬ জনকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে কেবল গত বছরই ৭৫ হাজার ৬০৫ জনকে বিতাড়নের নির্দেশ দেওয়া হয়।অর্থনৈতিক এই শোচনীয় অবস্থার জের ধরে সরকারের কৃচ্ছ্রনীতির প্রতিবাদে দেশটিতে বিভিন্ন সময় বিক্ষোভ হয়েছে। বর্তমানে মাদ্রিদে সরকারের বিরুদ্ধে বড় ধরনের একটি বিক্ষোভের আয়োজন চলছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রজয়ের গতকাল একটি নতুন সংস্কার প্যাকেজ ঘোষণা করার কথা। নতুন নতুন চাকরির ক্ষেত্র তৈরির প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে ২০১১ সালের ডিসেম্বরের নির্বাচনে জিতে দেশের দায়িত্ব গ্রহণ করে মারিয়ানোর রক্ষণশীল সরকার।গত বুধবার পার্লামেন্টে প্রধানমন্ত্রী ভবিষ্যদ্বাণী করেন, চাকরি সমস্য সমাধানের প্রশ্নে পুরো বছরটি হয়তো ‘ভালো যাবে না, তবে আগের বছরের চেয়ে অবস্থার উন্নতি হবে।’ তিনি বলেন, ‘আগামী বছর আমাদের প্রবৃদ্ধি ঘটবে এবং আমাদের দেশে চাকরি তৈরি হবে।’তবে ইউরোপীয় ইউনিয়নের একটি পূর্বাভাস বলছে, চলতি বছর স্পেনে বেকারত্বের হার ২৬ দশমিক ৯ শতাংশ স্পর্শ করতে পারে। আর ২০১৪ সালে কিছুটা কমলেও তা ২৬ দশমিক ৬ শতাংশের নিচে নামছে না। এএফপি ও বিবিসি।