ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, দুর্বৃত্তরাই কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে বসবাসরত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের মানুষের ওপর হামলার গুজব ছড়িয়েছে। তাদের বিচারের আওতায় আনা হবে। বেঙ্গালুরুতে বসবাসরত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বিশেষ করে, আসামের হাজার হাজার নাগরিক তাদের ওপর হামলার আশঙ্কায় কয়েক দিন ধরে শহর ছেড়ে পালাচ্ছে। গতকাল শুক্রবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিষয়টি নিয়ে আলোচনার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব স্থগিত করা হয়। পরে এক বিবৃতিতে মনমোহন বলেন, বেঙ্গালুরু, পুনে ও দেশের অন্যান্য অঞ্চলে হামলার গুজব শুধু ভারতের ঐক্য ও অখণ্ডতাকে ঝুঁকির মুখে ফেলছে না; বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিও ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, ‘আসামের কোকড়াঝাড়ে যা ঘটেছে, সেটাকে গুজবের অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়।’ গত মাসে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বোড়ো উপজাতি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সহিংসতার ফলে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। গত বুধবার বেঙ্গালুরুতে হামলার গুজব ছড়িয়ে পড়ার পর সেখানে বসবাসরত উত্তর-পূর্বাঞ্চলীয় অধিবাসীরা পালাতে শুরু করে। শহরের প্রধান রেলস্টেশনে মানুষের ঢল নামে। এদিকে গতকাল শুক্রবার আসামের কামরূপ জেলার রাঙ্গিয়া এলাকা থেকে কারফিউ আংশিক প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ১০০ জনকে আটক করা হয়েছে। তবে নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।পুলিশের মহাপরিদর্শক (আইন-শৃঙ্খলা) জানান, সকালনয়টা থেকে বিকালতিনটা পর্যন্ত রাঙ্গিয়ায় কারফিউ শিথিলকরা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে রাতের কারফিউ বলবৎ থাকবে। পিটিআই, আইএএনএস।