বেঙ্গালুরুতে বিজেপি কার্যালয়ের কাছে বিস্ফোরণ, আহত ১৪
ভারতের কর্ণাটক প্রদেশের রাজধানী বেঙ্গালুরুতে গতকাল বুধবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যালয়ের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। পুলিশ কমিশনার রাঘবেন্দ্র এইচ অরাদকার নিশ্চিত করেছেন, বিজেপি কার্যালয়-সংলগ্ন পার্কের একটি মোটারসাইকেলে রাখা বিস্ফোরক দ্রব্য থেকে এ বিস্ফোরণ ঘটেছে। আগের রাতে মোটরসাইকেলটি সেখানে রাখা হয়। এর আগে এ ঘটনার পরপরই বলা হয়েছিল, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।পুলিশের মহাপরিচালক ও মহাপরিদর্শক এল আর পাচাউ জানান, কী ধরনের বিস্ফোরক দ্রব্য থেকে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।সূত্র বলছে, বিজেপি কার্যালয়ের বাইরে যে ক্যামেরা রাখা আছে, সেগুলোর ফুটেজ তদন্তে সাহায্য করতে পারে। তাই ফুটেজগুলো সংগ্রহ করা হবে। পুলিশের বরাত দিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গতকাল স্থানীয় সময় বেলা ১১টার দিকে বেঙ্গালুরুর মলেশ্বরমের বিজেপি কার্যালয়ের ১০০ মিটার দূরে একটি গাড়ি পার্কিংয়ের স্থানে এ বিস্ফোরণ ঘটে। এ সময় পুলিশের একটি টহল গাড়ি বিজেপি কার্যালয়ের কাছেই অবস্থান করছিল।প্রত্যক্ষদর্শীরা বলছেন, মোটরসাইকেলে রাখা বিস্ফোরক থেকে এ ঘটনা ঘটেছে। এতে পার্শ্ববর্তী আরও দুটি গাড়ি ও বেশ কিছু মোটরসাইকেলে আগুন ধরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।এদিকে কোনো ধরনের গুজবে কান না দিতে অনুরোধ জানিয়ে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর পি এন সিং বলেছেন, ‘কর্ণাটক পুলিশের প্রয়োজনে সব ধরনের সহযোগিতা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজেপি নেতা বালবি পুঞ্জ বলেন, ‘আশা করছি, এটা দুর্ঘটনা বলেই প্রমাণিত হবে। এটা যেন কোনো ধরনের সন্ত্রাসী হামলা বা রাজনৈতিক সহিংসতা না হয়।’আগামী ৫ মে কর্ণাটকে নির্বাচন হওয়ার কথা রয়েছে। দ্য হিন্দু।