বেটি বাঁচাও, বেটি পড়াও যোজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে নারী ও মেয়ে শিশুর শিক্ষা, ক্ষমতায়ন ও সুরক্ষায় এবং লৈঙ্গিক সমতার বিষয়ে সবাইকে সচেতন করে তুলতে মোটা অঙ্কের প্রকল্পের কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সরকার।

আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ভারতীয় মুদ্রায় ১০০ কোটি রুপির নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও যোজনা’।

সচেতনতা সৃষ্টি ও আরও উন্নত কল্যাণমূলক সেবা দেওয়া এই প্রকল্পের লক্ষ্য। অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ‘এটা লজ্জার বিষয় যে, উদীয়মান অর্থনীতির বাজারে ভারত যেখানে একটি বড় নিয়ন্ত্রকের ভূমিকা রাখছে, সেখানে দেশটির অনেক ক্ষেত্রে নারীর প্রতি অবহেলা আর অনাচার চলছে।’ 

অর্থমন্ত্রী বলেন, মেয়ে শিশু ও নারীদের প্রতি লৈঙ্গিক সমতার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে প্রচারকাজ পরিচালনার পরিকল্পনা রয়েছে সরকারের। এমনকি স্কুলের মূল পাঠ্যসূচিতে নারী-পুরুষের সমান অধিকার নিয়ে একটি অধ্যায় সংযোজন করা হবে। একই সঙ্গে নারীর শিক্ষা ও বিয়ের জন্য বিশেষ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প চালু করা হবে ।

খবরে বলা হয়, নির্ভয়া তহবিলের জন্য সাবেক ইউপিএ সরকারের ঘোষিত এক হাজার কোটি রুপির প্রকল্পটি এই বাজেটে বহাল রাখা হয়েছে।

এর মধ্যে ৫০ কোটি রুপি সড়ক পরিবহন খাতে ব্যয় করা হবে। আর ১৫০ কোটি রুপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বড় বড় শহরে নারীর নিরাপত্তা বৃদ্ধিতে ব্যয় করা হবে। এই প্রকল্পের আওতায় এ বছর দিল্লিতে সব সরকারি ও বেসরকারি হাসপাতালে ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার’ খোলা হবে।