বেতন খুব কম, তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের একটি মন্ত্রণালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন ক্লদ দেবা। কিন্তু তাঁর বেতন এতটাই কম যে ওই টাকা দিয়ে পাতে খাবার তোলার ক্ষমতা নেই তাঁর। তাই চাকরির পর জমিতে শাকসবজি, ফলমূল, ঔষধি গাছগাছড়ার চাষ করেন তিনি। এসব বেচে দিনাতিপাতের দৈন্য ঘুচিয়েছেন।

আজ শনিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, কেবল ক্লদ দেবাই নয়, দেশটির সরকারি চাকরিজীবী, শিক্ষক—এমনকি চিকিৎসকদের বেতনও অতি নগণ্য। টিকে থাকার জন্য তাই ক্ষুদ্র ব্যবসায়ী, রেস্তোরাঁর পরিচারক, শিকারি, ফোনের কার্ড বিক্রেতা, কাঠমিস্ত্রির মতো খণ্ডকালীন নানা পেশায় তাঁদের কাজ করতে হয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি চিকিৎসা কর্মকর্তা জানান, তাঁর দিনের বেশির ভাগ সময়ই বেসরকারি হাসপাতালে কাটে। সরকারি হাসপাতালে রোগীরা ভোর পাঁচটার দিকে হাসপাতালে চলে আসে। প্রথম কয়েক ঘণ্টা সেখানে থেকে তিনি ক্লিনিকে চলে যাবেন। ওই চিকিৎসা কর্মকর্তা বলেন, ‘আমাদের অন্য কোনো উপায় নেই। ভেবে দেখুন, প্রতিবেশী দেশের সহকর্মীদের তুলনায় এখানকার একজন চিকিৎসক তিন থেকে চার ভাগেরও কম আয় করেন। যদি কোনো প্রাইভেট ক্লিনিকে কাজ করে আমরা আমাদের প্রয়োজন মেটাতে পারি, তাহলে এটাই একমাত্র উপায়।’

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জুলস সিজার বলেন, ‘সকাল সাড়ে সাতটা থেকে বেলা একটা পর্যন্ত বেসরকারি বিদ্যালয়ে পড়াই, এরপর সরকারি বিদ্যালয়ে বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পড়াই।’ তিনি বলেন, যাঁরা সরকারি চাকরির ওপর নির্ভরশীল, তাঁদের দিন এনে দিন খাওয়ার অবস্থা।

২০১৩ সালে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায় সেলেকা বিদ্রোহীদের একটি জোট। এ ঘটনার পর থেকে দেশটির অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে এবং মুসলিম ও খ্রিষ্টানের দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। বর্তমানে অন্তর্বর্তী সরকার ভেঙে পড়া প্রশাসন ব্যবস্থা পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশটির অর্থনীতি এখন পুরোপুরি বিদেশি সাহায্য নির্ভর হয়ে পড়েছে। জাতিসংঘ জানায়, দেশটির অর্ধেক জনগোষ্ঠী কঠোর দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে।