বেতনের ফারাক ১৮৩ গুণ!
লন্ডন স্টক এক্সচেঞ্জের শীর্ষ ১০০ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা পূর্ণকালীন কর্মচারীদের চেয়ে গড়ে ১৮৩ গুণ বেশি আয় করেন। কেবল ২০১৪ সালেই কোম্পানিগুলোর কর্তাব্যক্তিরা গড়ে আয় করেন ৭৭ লাখ মার্কিন ডলারেরও বেশি। সে তুলনায় কোম্পানিগুলোর পূর্ণকালীন কর্মচারীদের মধ্যে যাঁরা মাঝামাঝি বেতন পান, তাঁদের বেতন মাত্র ৪২ হাজার ডলারের কিছু বেশি। আয় বণ্টন পর্যবেক্ষণে নিয়োজিত প্রতিষ্ঠান হাই পে সেন্টারের এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
হাই পে সেন্টার জানায়, বেতনের এই ব্যবধান ২০১৩ থেকে ২০১৪ সালে নাটকীয়ভাবে বাড়েনি। কারণ, সে সময়ে কর্মচারীদের চেয়ে ১৮২ গুণ বেশি বেতন পেতেন নির্বাহী কর্মকর্তারা। তবে এই বেতন ব্যবধান ২০১০ সালের তুলনায় অনেক বেশি বলে প্রতিবেদনে জানানো হয়। কারণ, তখন নির্বাহী কর্মকর্তারা কর্মচারীদের চেয়ে গড়ে ১৬০ গুণ বেশি পেতেন।
হাই পে সেন্টারের পরিচালক ডেবোরাহ হারগ্রিভেস বলেন, নির্বাহীদের উৎসাহিত ও পুরস্কৃত করতে উচ্চ বেতন দেওয়া হয়। তবে এই বেতনকাঠামো যুক্তিযুক্ত বেতনের তুলনায় অনেক বেশি। এ ছাড়া বিপুল অঙ্কের বেতনের ফলে নির্বাহীদের নিয়ে আলাদা একটি অভিজাত শ্রেণিও তৈরি হচ্ছে বলে মত দেন হারগ্রিভেস।
২০১৩ সাল থেকে ব্রিটেনের তালিকাভুক্ত কোম্পানিগুলোর নির্বাহী কর্মকর্তাদের বেতন প্রকাশ করতে হচ্ছে।
এদিকে, বিজনেস লবি গ্রুপ-সিবিআইয়ের মতে, কাজে ব্যতিক্রমী পারদর্শিতা থাকলেই কেবল বিপুল অঙ্কের বেতন যুক্তিযুক্ত। তবে মুক্তবাজার চিন্তাবিদদের সংগঠন এডাম স্মিথ ইনস্টিটিউশন বলে, ভালো নির্বাহী কর্মকর্তাই পারেন কোম্পানিকে তৈরি করতে কিংবা ভাঙতে। বিবিসি।