বেতারকেন্দ্র থেকে বের হয়ে গেলেন প্রতিবাদী সাংবাদিকেরা
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি বেতারকেন্দ্র (জিবিসি) সম্প্রতি ইসলামি জঙ্গিরা দখল করে নিয়েছে। সেখানে কর্মরত সাংবাদিকেরা কেন্দ্রটি পরিত্যাগ করে বেরিয়ে এসেছেন। জিবিসির সাংবাদিকেরা জানান, তাঁরা ইসলামি জঙ্গি সংগঠন হিজবুল ইসলামের নির্দেশ না মানলে জঙ্গিরা বেতারকেন্দ্রটি দখল করে নেয়। এর আগে হিজবুল ইসলাম গান-বাজনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের নিয়ন্ত্রিত এলাকায় কয়েকটি বেসরকারি বেতারকেন্দ্র চালানোর অনুমতি দেয়। সাংবাদিকেরা জানান, সংঘর্ষকবলিত মোগাদিসুর বাসিন্দাদের জন্য বেতারকেন্দ্রগুলো হচ্ছে তথ্যের মূল উৎস। কারণ, বাসিন্দাদের সব সময় জানতে হয় কোন এলাকাগুলো অনিরাপদ। বেতারকেন্দ্রগুলো এই তথ্য সরবরাহ করে থাকে। জিবিসির সাংবাদিকেরা জানান, ইসলামি জঙ্গিরা তাঁদের সরকারের পক্ষ ত্যাগ করতে নির্দেশ দেয়। তাঁরা তা উপেক্ষা করলে জঙ্গিরা কেন্দ্রটি দখল করে নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক জানান, আমরা জঙ্গিদের নির্দেশ অমান্য করেছি, কারণ আমরা আমাদের নিরপেক্ষতা হারাতে চাইনি।এদিকে স্বাধীন গণমাধ্যম গোষ্ঠী ফেডারেশন অব সোমালি-এর ডেপুটি চেয়ারম্যান আবদি হাজি গোবডুন বলেন, ইসলামি জঙ্গিদের এই কার্যকলাপ সমর্থনযোগ্য নয়। উল্লেখ্য, গত বছর সোমালিয়ায় নয়জন সাংবাদিক নিহত হন। যা ১৯৯১ সালের পর এক বছরে সর্বাধিক সাংবাদিক মৃত্যুর ঘটনা। এদিকে আল-কায়েদার সঙ্গে জড়িত আল-শাহাব জঙ্গি সংগঠন সম্প্রতি তাদের তৎপরতা জোরদার করেছে। এ ছাড়া তারা হিজবুল ইসলামের সঙ্গে মিলে সে দেশের দক্ষিণাঞ্চল ও কেন্দ্রস্থলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। বিবিসি। মোগাদিসুতে সংঘর্ষ: বৃহস্পতিবার মোগাদিসুতে জঙ্গিদের সঙ্গে সোমালি সেনা ও আফ্রিকান শান্তিরক্ষীদের প্রচণ্ড সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। মোগাদিসু থেকে বিবিসির সাংবাদিক ওলাদ হাসান বলেন, বৃহস্পতিবার সকালে এই সংঘর্ষ শুরু হয়।