বেথলেহেমের ঐতিহাসিক গির্জা বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত
পশ্চিম তীরের বেথলেহেম শহরের চার্চ অব দ্য নেটিভিটিকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে ইউনেসকো। যিশুখ্রিষ্ট (মুসলমানদের কাছে হজরত ঈসা (আ.) এই গির্জাটির স্থানেই জন্ম নিয়েছিলেন বলে ধারণা করা হয়। বিষয়বস্তু সাংস্কৃতিক হলেও জাতিসংঘের এই ঘোষণার একটি রাজনৈতিক তাৎপর্য রয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও এই পদক্ষেপ নিয়েছে জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক সংস্থা। অন্যদিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। তারা বলেছে, এটা তাদের ‘যুক্তি ও ন্যায়বিচারের বিজয়’। এটা ‘ন্যায়বিচার পাওয়ার ঐতিহাসিক দিন’।ফিলিস্তিনি নেতারাই স্থানটিকে বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্তির বিষয়ে ইউনেসকোর কাছে আবেদন জানিয়েছিলেন। তাঁদের যুক্তি, অবিলম্বে পবিত্র ওই স্থানটির সংস্কার করা দরকার। কেননা, ইসরায়েলি সেনাদের কারণে সেটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শুক্রবার ইউনেসকোর বৈঠকে বিষয়টি উত্থাপিত হয়। বৈঠকে চার্চ অব দ্য নেটিভিটি ও তীর্থযাত্রীদের সেখানে যাওয়ার পথটিকে বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত করা হবে কি না তার ওপর গোপন ভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে সেটি ১৩-৬ ব্যবধানে পাস হয়।যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথম থেকেই গির্জাটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্তির বিরোধিতা করে আসছিল। শুক্রবার ইউনেসকো ওই পদক্ষেপ নেওয়ার পর ইসরায়েল বলেছে, এর মাধ্যমে সংস্থাটি কার্যত ফিলিস্তিনিদের এই অভিমতকেই সমর্থন দিয়েছে যে, ইসরায়েলি সেনারা গির্জাটির জন্য হুমকি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘এই সিদ্ধান্ত প্রমাণ করে, ইউনেসকো সাংস্কৃতিকভাবে নয়, রাজনৈতিকভাবেও প্রভাবিত হয়ে কাজ করছে।’ ইউনেসকো সদর দপ্তরে কর্মরত ওয়াশিংটনের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র গভীরভাবে হতাশ হয়েছে। অন্যদিকে স্থানটি বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেন, ‘ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি এই বিশ্ব স্বীকৃতি আমাদের যুক্তি ও ন্যায়বিচারেরই বিজয়। এই সিদ্ধান্ত দেখিয়েছে, বিশ্ব ফিলিস্তিনি জনগণের অধিকার ও রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি দেয়।’ এএফপি, এবিসি নিউজ।