বেনগাজি মেমোতে পরিবর্তন করেছে গোয়েন্দা সংস্থা
লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলার বিষয়ে সরকারি কর্মকর্তাদের কাছে বিলি করা মেমোতে পরিবর্তন হোয়াইট হাউস করেনি, করেছিল গোয়েন্দারা। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।গত ১১ সেপ্টেম্বর বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। এতে সে দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্সসহ চার মার্কিন নাগরিক নিহত হয়।যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্লাপারের মুখপাত্র শন টার্নারের বরাত দিয়ে সিএনএন জানায়, বিলি করা মেমোতে হোয়াইট হাউস, পররাষ্ট্র দপ্তর বা বিচার মন্ত্রণালয় কোনো ধরনের পরিবর্তন করেনি। মতামত নেওয়ার জন্য বিভিন্ন সরকারি দপ্তর ও কর্মকর্তাদের মধ্যে বিলির আগে তাতে কিছু বিশ্লেষণমূলক পরিবর্তন এনেছিল গোয়েন্দারা। শন টার্নার সিএনএনকে বলেন, ওই মেমোতে কোনো মৌলিক পরিবর্তন করা হয়নি।প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর দ্বিতীয় মেয়াদে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইসকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়টি একই সঙ্গে জোর বিতর্কের সৃষ্টি করেছে। কেননা বিরোধী রিপাবলিকানরা অভিযোগ তুলেছেন, বেনগাজিতে হামলার বিষয়ে সুসান রাইস জাতিকে বিভ্রান্ত করেছেন। এএফপি।