বেনগাজি হামলার ঘটনায় আল-কায়েদা জড়িত: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে, লিবিয়ায় মার্কিন কনস্যুলেটে হামলা একটি পরিকল্পিত হামলা। আর এ হামলার ঘটনায় আল-কায়েদা জড়িত। তবে সংস্থাগুলো এ-ও বলছে, এ হামলার ব্যাপারে অনেক প্রশ্ন অমীমাংসিত। অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্সের মুখপাত্র শ্যন টার্নার গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী পুরো হামলার ব্যাপারটি নিয়ন্ত্রণ করেছে কি না তা এখনো স্পষ্ট নয়। তা ছাড়া চরমপন্থী গোষ্ঠীটির নেতারা তাঁদের অনুসারীদের এ হামলা চালানোর নির্দেশ দিয়েছেন কি না তাও অস্পষ্ট।’ তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট অথবা সংগঠনটির প্রতি সহানুভূতিশীল কেউ এ হামলার সঙ্গে জড়িত।’ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে গত ১১ সেপ্টেম্বর এ হামলা চালানো হয়। এ হামলার ব্যাপারে ওবামা প্রশাসন নানা ব্যাখ্যা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সপ্তাহ কয়েক আগে এ ঘটনায় বিপাকে পড়েছে ওবামা প্রশাসন। বিরোধী রিপাবলিকান শিবির কড়া সমালোচনা করছে বর্তমান প্রশাসনের। এএফপি।