বেনগাজিতে এনটিসির সদর দপ্তরে হামলা
লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে গত শনিবার দেশটির অন্তর্বর্তীকালীন সরকার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) স্থানীয় সদর দপ্তরে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। তারা সদর দপ্তরের ভবনে পাথর নিক্ষেপ করে এবং জোর করে ভেতরে ঢুকে পড়ে। সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণ-আন্দোলন বেনগাজি থেকেই শুরু হয়েছিল। কয়েক সপ্তাহ ধরে সেখানকার জনগণ গাদ্দাফির সময়কার কর্মকর্তাদের বরখাস্ত এবং দেশটির সম্পদ এনটিসি কীভাবে খরচ করছে, তা আরও স্বচ্ছ করার দাবিতে বিক্ষোভ করছে। শনিবার কয়েক শ তরুণ ও যুদ্ধাহত ব্যক্তি এনটিসির ওই সদর দপ্তরের বাইরে শোভাযাত্রা বের করে। এনটিসির চেয়ারম্যান আবদুল জলিল যখন উপস্থিত জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য বের হন, তখন বিক্ষোভকারীদের কেউ কেউ তাঁকে লক্ষ্য করে প্লাস্টিকের খালি বোতল নিক্ষেপ করে। এ সময় নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। আবদুল জলিল কথা বলতে শুরু করলে বিক্ষোভকারীরা ‘দূর হও, দূর হও’ বলে ধ্বনি তুলতে থাকে। একপর্যায়ে তারা সদর দপ্তরের ভবন লক্ষ্য করে পাথর ও ধাতব পদার্থ ছুড়তে থাকে। এতে ভবনের বেশ কিছু জানালা ভেঙে যায়। লাউডস্পিকার হাতে এক বিক্ষোভকারী ‘যুদ্ধের জঞ্জাল’ বলে চিৎকার করতে থাকে।বিক্ষোভকারীরা আবদুল জলিলের একটি গাড়িও ধ্বংস করে দেয়।বিক্ষোভকারীদের অনেকেই নয় মাসব্যাপী গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। সরকারের দেওয়া নগদ ক্ষতিপূরণের আশ্বাসে তারা ক্ষুব্ধ। তারা বলছে, এতে তাদের মৌলিক চাহিদাই পূরণ হবে না। গত অক্টোবরে গাদ্দাফিকে হত্যার মধ্য দিয়ে যুদ্ধের অবসান হয়। গাদ্দাফির পতনের পর মিলিশিয়া গোষ্ঠীগুলো ভেঙে দেওয়ার চেষ্টাসহ এনটিসি বেশ কিছু সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। ওই গোষ্ঠীগুলোই কার্যত দেশটি নিয়ন্ত্রণ করছে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা চান তাঁদের পুলিশ ও সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করতে। এর আগে গত বৃহস্পতিবার এনটিসির ভাইস প্রেসিডেন্ট আবদুল হাফিজ বেনগাজিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আক্রোশের মুখে পড়েন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা তাকে ঘিরে ফেলে। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে নিরাপত্তার জন্য তাঁকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। রয়টার্স।