বেনগাজিতে মিলিশিয়াদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা
লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে গতকাল শনিবার একটি মিলিশিয়া বাহিনীর সদর দপ্তর সশস্ত্র পুলিশ, সেনাবাহিনী ও বিক্ষোভকারীরা একজোট বেঁধে গুঁড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে দখল করে নিয়েছেন আধাসামরিক বাহিনীর কয়েকটি ঘাঁটি। এ সময় মিলিয়াশিয়াদের সঙ্গে তাঁদের ব্যাপক সংঘর্ষে কমপক্ষে চারজনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও অনেকে।গত শুক্রবার দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভে অংশ নিতে জুমার নামাজের পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তাদের সহায়তা করে পুলিশ ও সেনাসদস্যরা। দেশব্যাপী এই বিক্ষোভের একদিন পরই গতকাল এ হামলার ঘটনা ঘটল।অভিযোগ রয়েছে, আনসার আল-শরিয়া নামের একটি মিলিশিয়া বাহিনী গত সপ্তাহে বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়ে রাষ্ট্রদূত ক্রিস স্টিভেনসহ চার মার্কিন নাগরিককে হত্যা করেছে। যদিও সংগঠনটি এ অভিযোগ নাকচ করে দিয়েছে। গতকাল বেনগাজিতে এই সংগঠনটিরই প্রধান কার্যালয় ধ্বংস করে দেওয়া হয়। একসময় এই ভবনটি ছিল মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি। প্রত্যক্ষদর্শীরা জানান, শত শত বিক্ষোভকারী গতকাল সকালে বেনগাজিতে আনসার আল-শরিয়ার সদর দপ্তর অভিমুখে যাত্রা শুরু করে। এ সময় সংগঠনটির অনুসারীরা শূন্যে গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিক্ষোভকারীরা সেই বাধা উপেক্ষা করে সদর দপ্তর ঘিরে ফেললে মিলিশিয়া বাহিনী একপর্যায়ে তাদের অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে যায়। পরে বিক্ষোভকারীরা সদর দপ্তরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সংগঠনটির পতাকা ও গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের কেউ কেউ ছিলেন সশস্ত্র। প্রত্যক্ষদর্শীরা বলেন, আনসার আল-শরিয়ার সদর দপ্তরে হামলা চালানোর সময় ‘লিবিয়া, লিবিয়া’; ‘আর নয় আল-কায়েদা’; ‘স্বাধীনতার জন্য দেওয়া রক্ত, বৃথা যেতে পারে না’ বলে স্লোগান দিতে শোনা যায়।হাসান আহমেদ নামের এক বিক্ষোভকারী বলেন, ‘এখান থেকেই গাদ্দাফি লিবিয়া নিয়ন্ত্রণ করতেন। তাঁর পতনের পর আনসার আল-শরিয়া এর নিয়ন্ত্রণ নেয়। বেনগাজির মানুষের জন্য এটা সংকটময় মুহূর্ত।’গতকাল বেনগাজির আল-জালা হাসপাতাল থেকেও মিলিশিয়া বাহিনীকে উচ্ছেদ করা হয়। হাসপাতালটি বর্তমানে সামরিক পুলিশ বাহিনীর দখলে রয়েছে। এ ছাড়া বিক্ষোভকারীরা আধাসামরিক বাহিনীর কয়েকটি ঘাঁটিতেও হামলা চালায়। এই হামলার ঘটনায় দেশটির শীর্ষস্থানীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ, আধাসামরিক বাহিনীর আদলে সাবেক এই বিদ্রোহী গোষ্ঠীটি কেন্দ্রীয় সরকারের প্রতি অনুগত। প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের নিয়ন্ত্রণ করছে। গতকাল তারা ও বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষেই চারজন নিহত হয়। উদ্বিগ্ন কর্মকর্তারা বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন, ‘অবৈধ’ ব্রিগেড এবং রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্রিগেডকে চিনতে হবে। অন্যথায় অনুগত সেনাদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, কর্মকর্তাদের এই হুঁশিয়ারি উচ্চারণের মধ্য দিয়ে মূলত গাদ্দাফি পতনের এক বছরের মধ্যে লিবীয় সরকারের উভয় সংকটে পড়ার বিষয়টি ফুটে উঠেছে। একদিকে মিলিশিয়া বাহিনী কর্তৃপক্ষের জন্য হুমকি হয়ে উঠছে, অন্যদিকে নতুন ও অনভিজ্ঞ নিরাপত্তা বাহিনীর সাবেক বিদ্রোহী ইউনিটটির ওপর নির্ভরশীলতা। এই ইউনিটই গাদ্দাফিবিরোধী আন্দোলনে লড়াই করেছে। এদিকে গতকাল ভোররাতে বেনগাজির উপকণ্ঠ হাওয়ারি জেলায়ও সংঘর্ষ হয়েছে। সেখানে আহত হয়েছে অন্তত ৪০ জন। হাসপাতাল সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। এএফপি, বিবিসি ও রয়টার্স।