বেনগাজির হামলাকারী মিসরে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বেনগাজি শহরে মার্কিন উপদূতাবাসে হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তি মিসরে নিহত হয়েছেন। তাঁর নাম হাজেম বলে গত বুধবার মিসরের কর্মকর্তারা জানিয়েছেন।গত মাসে বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে হামলায় লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ চার কর্মকর্তা নিহত হন। মিসরের কর্মকর্তারা জানান, গত বুধবার ভোরে কায়রোর উপকণ্ঠে মাদিনেত নসর নামক এলাকার একটি বাড়িতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহভাজন হাজেমকে চারদিক থেকে ঘিরে ফেলেন। এ সময় হাজেম তাঁদের লক্ষ্য করে একটি বোমা ছোড়েন। তবে বোমাটি ঘরের দেয়ালে লেগে ভেতরেই বিস্ফোরিত হয়। এরপর দুই পক্ষে বন্দুকযুদ্ধ শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। পরে ওই বাড়ি থেকে হাজেমের ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।কর্মকর্তারা জানান, জরুরি বিভাগের কর্মকর্তারা ওই বাড়ি থেকে অন্য বাসিন্দাদের উদ্ধার করেছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।ধারণা করা হচ্ছে, হাজেম সিনাইয়ে পালানোর চেষ্টা করছিলেন। সম্প্রতি সিনাই অঞ্চল জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিবিসি।