বেনজির ভুট্টো হত্যার ষড়যন্ত্রের বিষয়ে জানতেন মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেত্রী বেনজির ভুট্টোর হত্যার ষড়যন্ত্র সম্পর্কে জানতেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ। হত্যাকাণ্ডের পর সব তথ্যপ্রমাণ নষ্ট করে দিতে তিনিই ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছিলেন। বেনজির হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গঠিত জাতিসংঘ ও পাকিস্তানের যৌথ তদন্তদলের (জেআইটি) প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার দ্য নিউইয়র্ক ডেইলি নিউজ -এ প্রকাশিত নিবন্ধে এ দাবি করেছেন মার্ক সিগেল ।বেনজির ভুট্টোর উপদেষ্টা ও বন্ধু ছিলেন মার্ক সিগেল। নিহত হওয়ার কয়েক দিন আগে বেনজির ভুট্টো রিকন্সিলিয়েশন: ইসলাম, ডেমোক্রেসি অ্যান্ড দ্য ওয়েস্ট শীর্ষক যে বইটি শেষ করেন, এতে সহযোগিতা করেন তিনি। সিগেল তাঁর নিবন্ধে দাবি করেন, ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর তিনি বেনজির ভুট্টোর সঙ্গে ছিলেন। ওই দিন তিনি পারভেজ মোশাররফের একটি ফোন পান। এ সময় পারভেজ মোশাররফ তাঁকে হুমকি দিয়ে বলেন, তিনি যদি আসন্ন নির্বাচনে পিপিপির নেতৃত্ব দিতে দেশে ফিরে আসেন, তবে তাঁকে হত্যা করা হবে।সিগেল তাঁর নিবন্ধে লিখেছেন, ‘টেলিফোন রেখে দেওয়ার পর তিনি (বেনজির ভুট্টো) দৃশ্যত কেঁপে ওঠেন।’ সিগেলের ভাষ্য, বেনজির ভুট্টোকেই বড় হুমকি মনে করতেন মোশাররফ। কারণ, নির্বাচনে তাঁর জয়ের সম্ভাবনা ছিল উজ্জ্বল।সিগেল দাবি করেন, হত্যার হুমকি পাওয়া সত্ত্বেও পাকিস্তানে পৌঁছানোর পর এবং তাঁকে হত্যার প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর বেনজির ভুট্টো তাঁকে (সিগেলকে) একটি ই-মেইল বার্তা পাঠান। ওই বার্তায় বেনজির ভুট্টো বলেন, ‘তাঁর কিছু হলে তিনি মোশাররফকে দায়ী করবেন।’ সিগেল লিখেছেন, জেআইটির তদন্ত প্রতিবেদনে সমাপ্তি টানা হয়েছে এই বলে, মোশাররফ ওই হত্যাকাণ্ডের বিষয়ে জানতেন, হত্যাকাণ্ডের সময়ে সম্পর্কে অবগত ছিলেন এবং হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট সব তথ্যপ্রমাণ নষ্ট করতে তিনি ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছিলেন।সিগেল আরও লিখেছেন, ‘বেনজির বিশ্বাস করতেন, করাচিতে তাঁকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রেও মোশাররফ জড়িত। কারণ তিনি সেখানে তাঁর পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেননি। করাচি ও রাওয়ালপিন্ডি হামলার সঙ্গে তাঁর সম্পৃক্ততা স্পষ্ট।২০০৮ সালের নির্বাচন সামনে রেখে রাওয়ালপিন্ডিতে দলীয় জনসভা থেকে বিদায় নেওয়ার সময় বন্দুকধারীদের গুলি ও বোমায় আহত বেনজির ভুট্টো হাসপাতালে নেওয়ার পর মারা যান। দীর্ঘ চার বছর তদন্তের পর সরকার লন্ডনে নির্বাসনে থাকা মোশাররফের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে। তাঁকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করা হয়েছে। ডন অনলাইন, দ্য এক্সপ্রেস ট্রিবিউন।