বেনজির হত্যা মামলার কৌঁসুলি গুলিতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলার প্রধান কৌঁসুলি চৌধুরী জুলফিকার আলীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজধানী ইসলামাবাদে অজ্ঞাতনামা বন্দুকধারীরা তাঁকে হত্যা করে। এ ঘটনায় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নিন্দা জানিয়েছেন। ২০০৮ সালের মুম্বাই হামলার ঘটনায় করা মামলারও কৌঁসুলি ছিলেন জুলফিকার আলী। পাকিস্তানের সাধারণ নির্বাচনের এক সপ্তাহ আগে তাঁকে হত্যা করা হলো। ১১ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছর বেনজির হত্যা মামলার তদন্ত চলাকালে পুলিশকে টেলিফোনে হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর জুলফিকার আলীর জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ওই হুমকির উৎস সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে একজন তদন্তকারী বলেছেন, আফগানিস্তানের একটি টেলিফোন থেকে তাঁকে বলা হয়, তিনি যেন জুলফিকারের নির্দেশে আদালতে না যান। একজন পুলিশ কর্মকর্তা জানান, গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে ইসলামাবাদের ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় গাড়ি চালিয়ে রাওয়ালপিন্ডির সন্ত্রাসবাদ-বিরোধী আদালতে যাচ্ছিলেন চৌধুরী জুলফিকার আলী। এ সময় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর শরীরে কয়েকটি গুলি লাগে। হামলায় তাঁর দেহরক্ষীও গুলিবিদ্ধ হন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হতে থাকা এক নারীকে ধাক্কা দেয়। আহত নারী পরে হাসপাতালে মারা যান।বেনজির হত্যা মামলার শুনানিতে অংশ নিতে জুলফিকার আলী রাওয়ালপিন্ডির ওই আদালতে যাচ্ছিলেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর ছেলে নাসির। তবে এখন পর্যন্ত কেউ এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেনি। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে হত্যার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের অবিলম্বে খুঁজে বের করারও নির্দেশ দেন তিনি। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বেনজির ভুট্টো আততায়ীর হামলায় নিহত হন। এ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তারা বর্তমানে পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে জিজ্ঞাসাবাদ করছেন। হত্যাকাণ্ডের সময় মোশাররফ পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। অভিযোগ রয়েছে, পারভেজ মোশাররফ বেনজির ভুট্টোর জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেননি। বেনজির ভুট্টো হত্যা মামলায় বর্তমানে মোশাররফকে দুই সপ্তাহের জন্য গৃহবন্দী রাখা হয়েছে। বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের পর তৎকালীন মোশাররফ সরকার বলেছিল, এ জন্য পাকিস্তানি তালেবানের প্রধান বায়তুল্লাহ মেহসুদ দায়ী। তবে বায়তুল্লাহ ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন এবং ২০০৯ সালে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় তিনি নিহত হন। নির্বাচনের প্রার্থী নিহত: একই দিন করাচিতে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় সাদ্দিক জামান খাত্তাক নামের একজন প্রার্থী গুলিতে নিহত হয়েছেন। তিনি আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) জ্যেষ্ঠ নেতা। পুলিশের একজন কর্মকর্তা জানান, খাত্তাক তাঁর তিন বছরের ছেলেকে নিয়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন, এ সময় মোটরসাইকেল থেকে বন্দুকধারীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই নিহত হন। এএফপি ও বিবিসি।