বেনজির হত্যা মামলায় গ্রেপ্তার মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় দেশটির সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে আনুষ্ঠানিক-ভাবে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) গতকাল বৃহস্পতিবার তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে।ক্ষমতায় থাকাকালে দেশের বিচারপতিদের গৃহবন্দী করার অভিযোগে দায়ের হওয়া মামলায় মোশাররফকে এর আগেই গৃহবন্দী করা হয়। বর্তমানে তিনি তাঁর চাক শাহজাদ এলাকার খামারবাড়িতে গৃহবন্দী রয়েছেন। বেনজির হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনি সেখানেই অবস্থান করবেন। তবে আজ তাঁকে সন্ত্রাসবিরোধী আদালতে নেওয়া হতে পারে।পাকিস্তানে আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে সম্প্রতি স্বেচ্ছা নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফেরেন মোশাররফ। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির লিয়াকত বাগে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা শেষ করার পরপরই বোমা হামলা ও গুলিতে নিহত হন বেনজির ভুট্টো। তখন দেশটির প্রেসিডেন্ট ছিলেন মোশাররফ। রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি শুরু: পাকিস্তানের সুপ্রিম কোর্টে পারভেজ মোশাররফের রাষ্ট্রদ্রোহ মামলায় গতকাল বৃহস্পতিবারও শুনানি হয়েছে। এদিকে পাকিস্তানের হাইকোর্ট থেকে সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের পলায়নের ঘটনায় রেঞ্জার্সের সদস্যরা জড়িত বলে অভিযোগ করেছেন ইসলামাবাদের পুলিশ-প্রধান বনি আমিন। গত বুধবার তিনি সুপ্রিম কোর্টে এ অভিযোগ করেন। দ্য ডন।