বেনজির হত্যা মামলায় মোশাররফকে জিজ্ঞাসাবাদ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলার তদন্তে সে দেশের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে জিজ্ঞাসাবাদ করা হবে। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) নামে পরিচিত পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার যৌথ তদন্ত দল জেআইটি (জয়েন্ট ইনভেস্টিগেশন টিম) ইতিমধ্যেই মোশাররফকে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিয়েছে। গতকাল মঙ্গলবার ডন নিউজ অনলাইন এ কথা জানায়।ডন তার প্রতিবেদনে বলেছে, এফআইএর মহাপরিচালক ওয়াসিম আহমেদ তাদের বলেছেন, জেআইটি বেনজির হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট একটি প্রশ্নপত্র তৈরি করেছে। আগামী কয়েক দিনের মধ্যেই যুক্তরাজ্যে বসবাসরত মোশাররফের কাছে ওই প্রশ্নপত্র পাঠানো হবে এবং তাঁর কাছে এ মামলাসংক্রান্ত প্রশ্নগুলোর লিখিত জবাব চাওয়া হবে।ওয়াসিম আহমেদ বলেন, এ মামলার সঙ্গে যাদেরই যোগসূত্র রয়েছে, তাদের প্রত্যেকের জবানবন্দি তাঁরা রেকর্ড করছেন। বেনজির ভুট্টো নিহত হওয়ার সময় মোশাররফ পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। সে হিসেবে এ বিষয়ে তাঁর কাছ থেকে তদন্তকারীদের অনেক কিছু জানার আছে। তিনি বলেন, ৩২টি পয়েন্ট-সংবলিত একটি খসড়া প্রশ্নপত্র তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি অনুমোদন করলে তাঁরা সেটি মোশাররফকে ই-মেইল এবং ডাকের মাধ্যমে পাঠাবেন।জেআইটি বেনজির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ইতিপূর্বে একটি সন্ত্রাসবিরোধী আদালতে দাখিল করার পরও মোশাররফকে কেন আবার এ মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে ওয়াসিম আহমেদ বলেন, যতক্ষণ না তাঁরা সব সম্পূরক তথ্য হাতে পাচ্ছেন, ততক্ষণ তাঁরা সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখবেন।প্রাথমিকভাবে জেআইটি বেনজির হত্যার জন্য জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানকে দায়ী করেছে। এর মূল পরিকল্পনাকারী হিসেবে তারা বায়তুল্লাহ মেহসুদের নাম বলেছে।কর্মকর্তারা বলেছেন, ২০০৭ সালের ১৮ অক্টোবর করাচিতে বোমা হামলা থেকে বেঁচে যাওয়ার পরও বেনজির ভুট্টোকে সরকারের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা কেন দেওয়া হয়নি, মোশাররফের কাছে সেটাই মূলত জানতে চাওয়া হবে।মোশাররফের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেছেন, বেনজিরের নিরাপত্তা বিধানের বিষয়ে সে সময় সরকারের কিছুই করার ছিল না। তিনি বলেন, ব্রিটেনের গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড ইতিমধ্যেই মোশাররফের বক্তব্য রেকর্ড করেছে। তাঁর অভিযোগ, সরকার এ মামলাটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্যই এখন মোশাররফকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে।প্রসঙ্গত, ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক সমাবেশে যোগ দেওয়ার পর বেনজির ভুট্টো সেখানে এক আত্মঘাতী হামলায় নিহত হন। পিটিআই অনলাইন।