বেনজির হত্যা মামলায় রিমান্ডে মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত গতকাল শুক্রবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় ৩০ এপ্রিল পর্যন্ত সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের রিমান্ড মঞ্জুর এবং তাঁকে তিন দিন গৃহবন্দী রাখার আদেশ দিয়েছেন। একজন আইনজীবী এ কথা জানান।মোশাররফ দুই সপ্তাহের জন্য গৃহবন্দী আছেন, যা আগামী ৪ মে শেষ হবে। তাঁর নতুন গৃহবন্দীর আদেশও একই সময়ে কার্যকর হবে।রিমান্ডকালে গৃহবন্দী অবস্থায় মোশাররফকে জিজ্ঞাসাবাদ করা যাবে। এর আগে গত বৃহস্পতিবার বেনজির হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।মোশাররফ কড়া নিরাপত্তার মধ্যে গতকাল রাওয়ালপিন্ডির আদালতে হাজির হন। তাঁর বিরুদ্ধে ২০০৭ সালের ডিসেম্বরে বন্দুক ও আত্মঘাতী হামলার মাধ্যমে বেনজির ভুট্টোকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।চার বছর স্বেচ্ছা নির্বাসন কাটানোর পর গত ২৪ মার্চ মোশাররফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দেশে ফেরেন। এরপর যে তিনটি মামলার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে গতকাল দ্বিতীয় মামলায় তাঁর রিমান্ড মঞ্জুর করা হলো।আইনজীবী চৌধুরী আজহার এএফপিকে জানান, ‘আমরা সাবেক জেনারেল পারভেজ মোশাররফের রিমান্ডের আবেদন জানালে বিচারক চৌধুরী হাবিবুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’মোশাররফকে ইসলামাবাদের উপকণ্ঠে তাঁর বিলাসবহুল বাড়িতে গৃহবন্দী রাখা হয়েছে।আলেমদের ফতোয়া: ইসলামি বিধান অনুযায়ী, পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট প্রদান বাধ্যতামূলক বলে ‘ফতোয়া’ জারি করেছেন দেশটির আলেম-ওলামারা। গত বৃহস্পতিবার তাঁরা এই ফতোয়া জারি করেন। একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা এসব কথা জানান।পাকিস্তানের ওলামা পরিষদের চেয়ারম্যান আল্লামা তাহির আশরাফি জানান, আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে বিভিন্ন মাদ্রাসা থেকে তিন শতাধিক ধর্মীয় নেতা ইসলামাবাদে এই ফতোয়াকে ‘আদেশ’ (ডিক্রি) হিসেবে মনে করেন। এএফপি, পিটিআই।