বেনজির হত্যাকাণ্ডে মোশাররফের বিচার শুরু
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার অভিযোগে দেশটির সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিচার শুরু হয়েছে। দেশটির সরকারি কৌঁসুলি চৌধুরী আজহার জানান, একজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে রাওয়ালপিন্ডিতে সন্ত্রাসবিরোধী একটি আদালতে এ বিচারকাজ শুরু হয়েছে। ‘টাইমস অব ইন্ডিয়া’র এক খবরে এ তথ্য জানানো হয়।
কৌঁসুলি আজহার জানান, চারজন প্রত্যক্ষদর্শীকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হলেও মাত্র একজন হাজির হয়েছেন। কত দিন এই বিচার চলবে, এ বিষয়ে তিনি নিশ্চিত নন।
সাবেক প্রেসিডেন্ট মোশাররফ বাদে আরও ছয় ব্যক্তিকে একই মামলায় অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন সন্দেহভাজন জঙ্গি ও পুলিশের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন।
মোশাররফের বিরুদ্ধে বিচার শুরু হলে নিরাপত্তার কারণে তাঁকে আদালতে হাজির করা হয়নি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে মোশাররফের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডাদেশ হতে পারে। শুরু থেকে এ অভিযোগ অস্বীকার করে আসছেন মোশাররফ। তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়বেন বলেও দাবি করেন। মোশাররফ (৭০) এখন ইসলামাবাদের বাইরে তাঁর খামারবাড়িতে গৃহবন্দী রয়েছেন।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বেনজির ভুট্টো ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে আততায়ীর হামলায় নিহত হন।