বেনজির হত্যার ষড়যন্ত্র হয়েছিল এক সেনা কর্মকর্তার বাসভবনে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ারের সরকারি বাসভবনে। গত শুক্রবার দ্য এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।বেনজির ভুট্টো ২০০৭ সালের ২৭ ডিসেম্বর নির্বাচনী প্রচারাভিযানের সময় সন্ত্রাসী হামলায় নিহত হন। ওই হামলা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত সর্বশেষ তদন্ত প্রতিবেদনে বলা হয়, বেনজির হত্যাকাণ্ডের সঙ্গে মোট নয়জন জড়িত ছিলেন। তাঁদের মধ্যে ওই ব্রিগেডিয়ার ছিলেন হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী।বেনজির ভুট্টোর হত্যাকাণ্ড সম্পর্কে এটা হচ্ছে তৃতীয় তদন্ত। বেনজিরের স্বামী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সম্মতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের তত্ত্বাবধানে অত্যন্ত গোপনে এ তদন্ত চালানো হয়। এতে সময় ব্যয় হয় তিন বছর।পত্রিকাটিতে আরও বলা হয়, জারদারি ইচ্ছে করেই এই তদন্ত প্রতিবেদনটি এত দিন গোপন রাখেন। তাঁর ইচ্ছা ছিল, এই তদন্ত প্রতিবেদনটির প্রতি সেনাবাহিনীর আস্থা অর্জন করে ওই ব্রিগেডিয়ারকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া। কিন্তু জারদারি শেষ পর্যন্ত এ কাজে সফল হয়েছিলেন কি না, সে ব্যাপারে পত্রিকাটিতে কিছু বলা হয়নি।বেনজির নিহত হওয়ার পর পাকিস্তান তালেবানের সাবেক প্রধান বায়তুল্লাহ মেহসুদকে হত্যাকাণ্ড সম্পর্কে দায়ী করা হয়। কিন্তু মেহসুদ জীবিত থাকা অবস্থায় বারবার ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেন। ২০০৯ সালের আগস্টে এই তালেবান নেতা মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। টাইমস অব ইন্ডিয়া।