বেনজিরকে তালেবান হত্যা করেনি: ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে তালেবান জঙ্গিরা হত্যা করেনি। ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘বেনজির ভুট্টোর ক্ষমতায় যাওয়ার ঘটনায় যাঁরা উদ্বিগ্ন ছিলেন, স্পষ্টত তাঁরাই তাঁকে হত্যা করেছেন।’তবে কোনো দালিলিক তথ্য-প্রমাণের ভিত্তিতে ইমরান খান এসব দাবি করেছেন কি না, তা তিনি বলেননি। বর্তমানে রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবাদবিরোধী আদালতে বেনজির ভুট্টো হত্যার বিচার চলছে।বেনজির ভুট্টো হত্যার ঘটনায় জাতিসংঘের কমিশন ও যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্তের সঙ্গে ইমরান খানের ভাষ্যের মিল নেই। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বেনজির হামলায় নিহত হন। এ হত্যা মামলায় পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সময় তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের পর থেকেই পারভেজ মোশাররফ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর বিরুদ্ধে বেনজির ভুট্টোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়ার অভিযোগ রয়েছে। ডন।