বেনজিরের এক খুনি ড্রোন হামলায় নিহত হয়েছেন: তথ্যমন্ত্রী
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সন্দেহভাজন এক হত্যাকারী মনুষ্যবিহীন বিমান হামলায় (ড্রোন) নিহত হয়েছেন। আর বাকি হত্যাকারীরা কারাগারে রয়েছেন। দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী কামার জামান কায়রা গতকাল বৃহস্পতিবার এ কথা জানান।গতকাল ছিল বেনজির ভুট্টোর পঞ্চম মৃত্যুবার্ষিকী। এদিন কায়রা সাবেক প্রধানমন্ত্রীর একজন হত্যাকারীর নিহত হওয়ার খবর দিলেন। তবে কখন, কীভাবে ড্রোন হামলায় তাঁর মৃত্যু হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানাননি। তথ্যমন্ত্রী বলেন, গতকাল বিলাওয়াল ভুট্টো জারদারি সমাবেশে বক্তৃতা করেছেন। এর আগে গত বুধবার তথ্যমন্ত্রী বলেন, ২৭ ডিসেম্বর হবে পিপিপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ এদিন দেশটির অন্য এক ভুট্টো রাজনীতিতে পা রাখছেন।তথ্যমন্ত্রী আরও বলেন, সমস্যাকবলিত দেশকে শক্তিশালী করার কাজ শুরু করেছিলেন জুলফিকার আলী ভুট্টো। আর সেই কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যান বেনজির ভুট্টো। ডন।