বেনজিরের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। সারা দেশে গভীর শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হবে। বেনজির ২০০৭ সালের এই দিনে রাওয়ালপিন্ডির লিয়াকতবাগে আততায়ীর গুলিতে নিহত হন।পাকিস্তান তথা মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দেশটির মসজিদে মসজিদে প্রার্থনার আয়োজন করা হচ্ছে।প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) স্থানীয় নেতা-কর্মীরা পোস্টার ও ব্যানার দিয়ে লিয়াকতবাগ পার্ক সাজিয়েছেন। আজ সেখানে জনসমাবেশের আয়োজন করা হয়েছে। এতে বেনজিরের স্বামী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বক্তব্য দেওয়ার কথা। এ ছাড়া প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফসহ অন্যান্য শীর্ষ নেতাও বক্তৃতা করবেন।স্থানীয় নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এত দিনেও পিপিপির প্রয়াত নেতা বেনজিরের নামে লিয়াকতবাগ পার্কে কোনো সৌধ নির্মাণ করা হয়নি। এটা দুঃখজনক।শাকিল আজমত নামের পিপিপির এক কর্মী গতকাল বুধবার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতিবছর বেজনজিরের প্রতি শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ এখানে সমবেত হয়। কিন্তু দুঃখের বিষয়, এখানে কোনো স্মৃতিস্তম্ভ নেই। তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর সুনির্দিষ্ট কোনো স্থান নেই। অথচ এখানেই আমাদের প্রিয় নেতাকে গুলি করা হয়েছিল।’বেনজিরের জন্ম ১৯৫৩ সালের ২১ জুন। ডন অনলাইন।