বেনটিউর পর বোরের দিকে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানের সেনাবাহিনী গত শুক্রবার বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত বেনটিউ শহর দখল করে নিয়েছে। বিদ্রোহীদের আরেক শক্ত ঘাঁটি বোর শহরের দিকে অগ্রসর হচ্ছে সেনাবাহিনী।
গত ১৫ ডিসেম্বর দেশটিতে সহিংসতা শুরু হওয়ার পরপর তেলসমৃদ্ধ বেনটিউ ও বোর শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহীরা। এর পর থেকে শহর দুটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেনাবাহিনী।
বেনটিউ শহরের দখল সেনাবাহিনীর হাতে চলে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন দক্ষিণ সুদানের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বিদ্রোহীদের নেতা রিক মাচার। তিনি অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে বার্তা সংস্থাকে বলেন, ‘আমরা বেনটিউ থেকে সেনা সরিয়ে নিয়েছি। বেসামরিক প্রাণহানি এড়াতেই এই কৌশল নেওয়া হয়েছে।’ তবে বোর শহরের নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে মাচার বলেন, ‘বোর শহরের নিয়ন্ত্রণ ধরে রাখতে আমরা লড়াই চালিয়ে যাব।’ রাজধানী জুবা থেকে ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত বোর শহর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে সেনাবাহিনী বেনটিউ শহরের নিয়ন্ত্রণ নিলেও ওই শহরের তেল স্থাপনাগুলো এখনো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন বিদ্রোহীরা। বিষয়টি স্বীকারও করেছে সেনাবাহিনী। সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, তেলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিতে কিছুটা সময় লাগতে পারে।
বোর শহরে অভিযান চালাতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিদ্রোহীদের শেষ শক্ত ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে হাজার হাজার সেনাসদস্যকে সংগঠিত করা হয়েছে।
বোর শহরে ভয়াবহ রক্তপাতের আশঙ্কায় শহরটির অধিকাংশ মানুষ ইতিমধ্যে পালিয়ে গেছে। কিছু বাসিন্দাকে গতকাল শনিবারও পালিয়ে যেতে দেখা যায়। কয়েক দিন ধরে শহরটিতে সহিংসতা চলছিল। বন্দুকধারীরা বিভিন্ন স্থানে লুটপাট চালানোর পাশাপাশি বাড়িঘরে আগুন দিচ্ছিল। এসব ঘটনার জন্য বিদ্রোহীদের দায়ী করা হয়।
জাতিসংঘের আহ্বান: সদিচ্ছা দেখিয়ে ইথিওপিয়ায় শান্তি আলোচনায় বসতে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বিদ্রোহীদের শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে মুক্তি দিয়ে আলোচনার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির আহ্বানও জানানো হয়।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত শুক্রবার বলেন, ‘আমি প্রেসিডেন্ট সালভা কিরকে ফোন করে শীর্ষস্থানীয় বিরোধীদলীয় নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছি। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতেই আমি এই আহ্বান জানাই।’
নিরাপত্তা পরিষদও দক্ষিণ সুদানের বিরোধী নেতাদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।
প্রেসিডেন্ট কির অভিযোগ করেন, তাঁকে ক্ষমতাচ্যুত করতে গত ১৫ ডিসেম্বর ‘ব্যর্থ অভুত্থানচেষ্টা’ চালান রিক মাচারের সমর্থকেরা। ওই ঘটনার পর মাচারের ঘনিষ্ঠ বলে পরিচিত ১১ জন শীর্ষস্থানীয় নেতাকে বন্দী করে সরকার। এএফপি।