বেনাপোল-পেট্রাপোল সীমান্তে যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠান বাতিল
বাংলাদেশ ও ভারতের বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) যৌথ কুচকাওয়াজ অনুষ্ঠান সাময়িকভাবে বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠান বাতিলের বিষয়টি জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে প্রচুর বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে বিএসএফ ও বিজিবি যৌথভাবে এই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে অচিরেই অনুষ্ঠান হবে।
ভারত-পাকিস্তানের ওয়াঘা-আটারি সীমান্তের গেট খোলা ও বন্ধ হওয়ার সময় দুই দেশের জাতীয় পতাকা ওঠানো ও নামানোর সময় দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনী যৌথ কুচকাওয়াজ করে। ওই সীমান্তের আদলে ভারত-বাংলাদেশের বেনাপোল-পেট্রাপোল সীমান্তে আজ ২ অক্টোবর থেকে কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কুচকাওয়াজ অনুষ্ঠানের নাম ঠিক করা হয়েছিল ‘জয়েন্ট রিট্রিট বর্ডার সেরিমনি’। ইতিমধ্যে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।