বেনাপোল-পেট্রাপোল সীমান্তে শুরু হচ্ছে কুচকাওয়াজ অনুষ্ঠান
ভারত-পাকিস্তানের ওয়াঘা-আটারি সীমান্তের মতো এবার ভারত-বাংলাদেশের বেনাপোল-পেট্রাপোল সীমান্তে শুরু হচ্ছে কুচকাওয়াজ। এখন থেকে দুই সীমান্তের গেট বন্ধ হওয়া এবং জাতীয় পতাকা উত্তোলন ও নামানোর সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠান হবে।
আগামী ২ অক্টোবর দুপুরে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কুচকাওয়াজ অনুষ্ঠান। এ সময় বাজবে দুই দেশের জাতীয় সংগীত, রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতের সুর। অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর দুই দেশের দেশাত্মবোধক গান। এই সামরিক কুচকাওয়াজকে বলা হয় ‘বিটিং রিট্রিট বর্ডার সেরিমনি’। এই অনুষ্ঠান এখন নিয়মিত হয়ে আসছে ওয়াঘা-আটারি সীমান্তে।
প্রথম পর্যায়ে এই অনুষ্ঠান হবে সপ্তাহের তিন দিন—শুক্র, শনি ও রোববার। প্রতিদিন সন্ধ্যার আগে শুরু হবে এই অনুষ্ঠান।
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডেপুটি কমান্ড্যান্ট মনোজ কুমার রাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার জানিয়েছেন, আগামী ২ অক্টোবর বেনাপোল-পেট্রাপোল সীমান্তে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধ ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে আরও উপস্থিত থাকবেন বিএসএফের মহাপরিচালক সুভাষ যোশী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ খানসহ দুই দেশের বিশিষ্টজনেরা।