বেপরোয়া বাস চালানো বন্ধের জন্য...
বেপরোয়া গাড়ি চালানো নিয়ন্ত্রণে চীনা এক বাস কোম্পানি অভিনব পদ্ধতি চালু করেছে। নিরাপদে বাস চালানোর জন্য তারা পানিকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। বাসচালকের আসনের ঠিক পাশে একটি বড় পাত্রে পানি রাখা হবে। পাত্রভর্তি এ পানি নিয়েই চালককে বাস চালাতে হবে।হুনান প্রদেশের চাংশা শহরের লংজিয়াং পাবলিক বাস কোম্পানি এ অভিনব পদ্ধতির সূচনা করেছে। কোম্পানির কর্মকর্তারা জানান, কোনো চালক নিশ্চয়ই চাইবেন না, বাস চালানোর সময় তাঁর গায়ে পানি ছলকে পড়ুক। এটা এড়াতে তখন তাঁরা ধীরে ধীরে বাস চালাবেন, কোনো ধরনের তাড়াহুড়া করবেন না। সত্যিই চালকেরা পানিভর্তি পাত্র পাশে নিয়ে বাস চালাচ্ছেন কি না, এ জন্য বাসে বসানো হবে সিসিটিভি।কোম্পানির এক মুখপাত্র বলেন, ‘যাত্রীরা প্রায়ই অভিযোগ করেন, হঠাৎ ব্রেক কষার ফলে অথবা বেপরোয়া চালানোর কারণে তাঁদের ভোগান্তি হয়। তাই এ পদ্ধতি চালু করার ফলে ঝাঁকি দিয়ে গাড়ি চালু করা, হঠাৎ গাড়ি থামিয়ে দেওয়া ও বেপরোয়া গাড়ি চালানো বন্ধ হয়ে যাবে।’ সূত্র: অরেঞ্জ অনলাইন।