বেফাঁস মন্তব্য করে তাপস পাল এখন 'গৃহবন্দী'
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসদলীয় লোকসভার সদস্য ও চলচ্চিত্রাভিনেতা তাপস পালের বেফাঁস মন্তব্য ঘিরে দেশব্যাপী চলা আন্দোলনের কারণে এখন ঘর থেকে বের হচ্ছেন না তিনি। নিজের বাড়িতে তিনি এখন অনেকটা ‘গৃহবন্দী’। কেবল নিকটজনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখছেন; জেনে নিচ্ছেন পরিস্থিতি।
আজ সোমবার ভারতের লোকসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনেও যোগ দিচ্ছেন না তাপস পাল। তৃণমূলনেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেভাগেই তাঁকে লোকসভার অধিবেশনে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে তাপস পালের লোকসভার সদস্যপদ বাতিলের দাবিতে দেশজুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে। ১০টি বাম দল আজ লোকসভার সামনে তাপস পালের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। বাম দল, কংগ্রেস ও বিজেপি ঘোষণা দিয়েছে, সংসদে রেল ও সাধারণ বাজেট ঘোষণার পরই তারা তাপস পালের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন তীব্র করবে।
এ অবস্থায় তাপস পালকে ক্ষমা করে স্বস্তিতে নেই তৃণমূল। চলমান আন্দোলনের কারণে তিনি তাঁর সংসদীয় এলাকায় যেতে পারবেন কি না, তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে সংশয় রয়েছে।