বের করে দেওয়া হলো সাংবাদিককে
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন থেকে এক সাংবাদিককে বের করে দেওয়া হয়েছে। আজ আমেরিকার অঙ্গরাজ্য আইওয়ার ডাবাকে এক সংবাদ সম্মেলনে অনুমতি না নিয়ে প্রশ্ন করায় ওই সাংবাদিককে সম্মেলন কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করে নিউজ চ্যানেল সিএনএন।
জর্জ রামোস নামের ওই সাংবাদিক স্প্যানিশ ভাষার টেলিভিশন চ্যানেল ইউনিভিশনের হয়ে কাজ করেন। ভিডিওটিতে দেখা যায় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে ডায়াসের সামনে এসে দাঁড়ালে রামোস দাঁড়িয়েই প্রশ্ন করতে থাকেন। রামোস অভিবাসন নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। ট্রাম্প তাঁকে এখনো প্রশ্ন করার অনুমতি দেওয়া হয়নি বলে রামোসের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না, এবং তিনি বিরক্ত হচ্ছিলেন। এ সময় একজন নিরাপত্তা কর্মী এসে ওই সাংবাদিককে সম্মেলন কক্ষের বাইরে নিয়ে যান।
ভিডিওটিতে আরও দেখা যায়, পরে অন্য এক সাংবাদিক ট্রাম্পকে ওই সাংবাদিককে বের করে দেওয়া নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, তিনি নন বরং নিরাপত্তা কর্মীই সাংবাদিককে বের করেছেন। ট্রাম্প বলেন, ওই সাংবাদিক অনুমতি না নিয়ে প্রশ্ন করছিলেন এবং চিৎকার করছিলেন। তবে সাংবাদিক যদি আবার ফিরে আসেন এবং ট্রাম্পকে প্রশ্ন করেন তাতে তাঁর কোনো অসুবিধা নেই বলেও তিনি জানান।
এর কিছুক্ষণ পরেই অবশ্য জর্জ রামোস সংবাদ সম্মেলন কক্ষে ফিরে আসেন এবং ট্রাম্পকে প্রশ্ন করেন। এবং ট্রাম্পও তাঁর প্রশ্নের জবাব দেন।
ভিডিওটি দেখতে ক্লিক করুন :
https://www.youtube.com/embed/0uIx_7srVj0