বেরলুসকোনি আবার সংসার পাতছেন!
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি আবার আলোচনায় উঠে এসেছেন। তিনি নিজেই জানিয়েছেন, তাঁর চেয়ে প্রায় ৫০ বছরের ছোট এক নারীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। এখন তাঁর উপলব্ধি, ‘অবশেষে আমি এখন কম একাকিত্ব বোধ করছি।’গত রোববার ২৮ বছর বয়সী টেলিভিশন উপস্থাপিকা ফ্রানচেসকা পাসকেলের সঙ্গে বেরলুসকোনির বাগদান হয়। ‘সিলভিও, আমরা তোমাকে মিস করছি’—এই গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে তাঁর বাগদান হয় বলে জানান ৭৬ বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী।পাসকেল সম্পর্কে বেরলুসকোনি বলেন, ‘তিনি একজন খাঁটি মানুষ। ভেতরে ও বাইরে সমান সুন্দরী তিনি। তিনি আমাকে অনেক ভালোবাসেন, তেমনি আমিও। আমার মেয়ে মারিনাও তাঁকে অনেক পছন্দ করে এবং ভালোবাসে।’কয়েক মাস ধরে বেরলুসকোনি-পাসকেলের প্রণয়নের গুজব শোনা যাচ্ছিল। সম্প্রতি এসি মিলানের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে মাঠে ক্যামেরায় ধরা পড়ে এ জুটি। বেরলুসকোনির দল পিপল অব ফ্রিডম পার্টির পার্লামেন্ট সদস্য দানিয়েল সানতাঁশে প্রথম দুজনের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। কিছুদিন আগে ইতালির একটি সংবাদপত্রে পাসকেলকে নতুন ‘ফার্স্ট লেডি’ হিসেবে উল্লেখ করা হয়।অপ্রাপ্তবয়স্ক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে ২০০৮ সালে বেরলুসকোনিকে ছেড়ে চলে যান তাঁর দ্বিতীয় স্ত্রী। অপ্রাপ্তবয়স্ক এক নারীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে বর্তমানে বেরলুসকোনির বিরুদ্ধে মামলা চলছে। টাইমস অব ইন্ডিয়া।