বেরলুসকোনিকে বৃদ্ধাশ্রমে সেবা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনিকে একটি বৃদ্ধাশ্রমে এক বছর সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। কর ফাঁকি দেওয়ার মামলায় গতকাল মঙ্গলবার তাঁকে এই অবমাননাকর প্রতীকী দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ইতালির এই মিডিয়া মোগলকে সপ্তাহে এক দিন সংশ্লিষ্ট কেন্দ্রটিতে সেবাদানের কাজ করতে হবে। এই কাজের সময় চার ঘণ্টার কম হবে না।
ইতালির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ফনডাজিওন সাকরা ফ্যামিগলিয়া নামের চার্চ-পরিচালিত প্রতিবন্ধী ও বৃদ্ধদের একটি কেন্দ্রে বেরলুসকোনিকে কাজ করতে হবে। ওই কেন্দ্রে দুই হাজার সদস্য রয়েছেন।
বেরলুসকোনির এই দণ্ডাদেশ কবে থেকে কার্যকর হবে, এ ব্যাপারে আদালতের আদেশে কিছু বলা হয়নি। তবে কয়েক দিনের মধ্যেই তা কার্যকর হবে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে।