বেরলুসকোনির এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে টেলিফোনে আড়ি পাতার ঘটনায় ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁকে এক বছরের জেল দিয়েছেন আদালত। বেরলুসকোনি তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে পুলিশের মাধ্যমে টেলিফোনে ওই আড়ি পাতার ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ ওঠে। এর মাধ্যমে তথ্য ফাঁস করে তাঁর ভাইয়ের একটি পত্রিকায় ছাপার ব্যবস্থা করা হয়েছিল। অবশ্য, বেরলুসকোনি আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন এবং এই সময় পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হবে না বলে জানা গেছে।অন্যদিকে বেরলুসকোনি আরেকটি মামলার রায়েও দোষী সাব্যস্ত হয়েছিলেন, যেটির বিরুদ্ধে তিনি বর্তমানে আপিল করছেন। এ ছাড়া সামনের সপ্তাহগুলোতে তাঁর বিরুদ্ধে করা আরও দুটি মামলার রায় হতে পারে। চলতি মাসের শেষের দিকে যে মামলাটির রায় হবে বলে আশা করা হচ্ছে, সেটি কর ফাঁকির মামলা। অন্য মামলাটি করা হয় একজন অপ্রাপ্তবয়স্ক পতিতাকে যৌনকর্মের জন্য অর্থ প্রদানসংক্রান্ত অভিযোগে।রোমে বিবিসির সাংবাদিক অ্যালান জনস্টোন জানান, বেরলুসকোনি এখনই জেলে যাচ্ছেন, এমনটি নয়। বিবিসি।