বেরলুসকোনির কারাদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। কর ফাঁকির এক মামলায় এর আগে তাঁর বিরুদ্ধে ওই দণ্ডাদেশ দেওয়া হয়।

সুপ্রিম কোর্ট অবশ্য পাঁচ বছরের জন্য সরকারি পদ লাভে বেরলুসকোনির ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, সেটি পুনর্বিবেচনার আদেশ দিয়েছেন। এ নিষেধাজ্ঞা ওই কারাদণ্ডাদেশেরই একটি অংশ ছিল।

বয়সের কারণে ইতালির এই সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে না পাঠিয়ে বর্তমানে গৃহবন্দী বা কমিউনিটি সার্ভিসের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তাঁর বয়স ৭৬ বছর। বেরলুসকোনির আইনজীবী রোমের কোর্ট অব ক্যাসেশনের কাছে তাঁর বিরুদ্ধে দণ্ডাদেশ এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন।

গত বছরের অক্টোবরে কর ফাঁকির মামলায় অভিযুক্ত হলে তাঁকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০০৬ সালের এক ‘ক্ষমা আইনের’ আওতায় সেই মেয়াদ কমিয়ে এক বছরে আনা হয়। বিবিসি।