বেরলুসকোনির পদত্যাগে রোমের রাস্তায় উল্লাস
প্রায় ১৭ বছর ক্ষমতায় থাকার পর ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি পদত্যাগ করেছেন। গত শনিবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে অর্থনৈতিক সংস্কার বিল পাসের কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। দেশের অর্থনৈতিক সংকট কাটাতে ব্যর্থতা নিয়ে চাপের মুখে সরে দাঁড়ান বেরলুসকোনি।সিলভিও বেরলুসকোনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইতালির সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা নেতা। বহু সংকট কাটিয়ে উঠে টিকে থাকার ব্যাপারে খ্যাতি ছিল তাঁর। কিন্তু সাম্প্রতিক আর্থিক সংকটের চরম মাত্রা বেরলুসকোনিকে পর্যুদস্ত করে। এ ছাড়া একের পর এক নারীঘটিত কেলেঙ্কারি তাঁর জনপ্রিয়তায় ধস নামিয়েছিল।বেরলুসকোনি পদত্যাগপত্র দিতে প্রেসিডেন্ট প্রাসাদে গেলে বাইরে সমবেত হাজারো মানুষ ‘ভাঁড় ভাঁড়’, ‘এবার বাড়ি যাও’ বলে স্লোগান দেয়। অনেকে রাজপথে নেচে-গেয়ে ও শ্যাম্পেন পান করে আনন্দ করে। প্রাসাদের বাইরে সমবেত বিক্ষোভকারীদের সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। সম্ভাব্য বিব্রতকর পরিস্থিতি এড়াতে পদত্যাগপত্র জমা দেওয়ার পর পেছনের দরজা দিয়ে প্রাসাদ ত্যাগ করেন বেরলুসকোনি। বিক্ষোভকারীদের একজন বলেন, ‘আমরা সবাই আনন্দিত। এই সেই ভদ্রলোক, যিনি নিজের স্বার্থ ছাড়া কিছুই দেখেননি।’ বেরলুসকোনি সাংবাদিকদের বলেন, ‘অসম্মান সয়ে বড় তিক্ত অভিজ্ঞতা নিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালাম।’গত মঙ্গলবার বাজেট নিয়ে পার্লামেন্টে এক ভোটাভুটিতে দেখা যায়, দেশ চালানোর মতো সংখ্যাগরিষ্ঠতা বেরলুসকোনি সরকারের আর নেই। এরপর পদত্যাগের জন্য তাঁর ওপর বিরোধীদের চাপ আরও বাড়ে। তখন বেরলুসকোনি চলমান আর্থিক সংকট দূর করতে আনা ব্যয়সংকোচন বিল পার্লামেন্টের উভয় কক্ষে পাস হলে পদত্যাগ করবেন বলে প্রতিশ্রুতি দেন। শনিবার পার্লামেন্টের নিম্নকক্ষে ৩৮০-২৬ ভোটে ওই বিল পাস হয়। আগের দিন তা সিনেটে অনুমোদিত হয়। এর কয়েক ঘণ্টা পরই বেরলুসকোনি পদত্যাগ করেন।প্রেসিডেন্ট জর্জো নাপোলিতানোর মুখপাত্র দোনাতো মারা বলেন, গতকাল রোববারই নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা হওয়ার কথা। প্রেসিডেন্ট হাতের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিদায়ী সরকারকে ক্ষমতায় থাকার আহ্বান জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট নাপোলিতানো বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক ইউরোপীয় কমিশনার মারিও মনতিকে বেরলুসকোনির উত্তরসূরি নির্বাচন করবেন। আজ সোমবারের মধ্যে মনতিকে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন প্রেসিডেন্ট।২০১৩ সালে ইতালির পরবর্তী নির্বাচন হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিন লাগার্দে আগাম নির্বাচন না দিয়ে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।বেরলুসকোনির শেষ মেয়াদ মোটেই সুখকর ছিল না। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের পাশাপাশি নারী কেলেঙ্কারিতে এ মেয়াদের পুরোটা সময় তিনি ছিলেন সমালোচিত। সর্বশেষ ২০০৮ সালে সরকার গঠনের পর তিনি ৫১ বার আস্থা ভোটের মুখোমুখি হন। তবে শেষ পর্যন্ত সব কটিতে রক্ষা পেয়ে যান।সিলভিও বেরলুসকোনি ১৯৯৪, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে মধ্য ডানপন্থী সরকারের প্রধানমন্ত্রী হন। ১৯৯৬ ও ২০০৬ সালে তিনি পরাজিত হন। তাঁর বিরুদ্ধে বর্তমানে চারটি মামলা চলছে। নানা ব্যবসার মালিক বেরলুসকোনি পরিবার বিপুল অর্থবিত্তের মালিক। ফোর্বস সাময়িকীর ২০১০ সালের প্রতিবেদন অনুসারে তাঁদের মোট সম্পদের পরিমাণ প্রায় ৯০০ কোটি ডলার। এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইন।