
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা সিরিয়ার প্রাচীন শহর পালমিরার প্রধান মন্দির হিসেবে বিবেচিত বেল মন্দির পুরোটাই ধ্বংস করে ফেলেছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি প্রকাশ করে গতকাল মঙ্গলবার বিশ্ব সংস্থাটির ইনস্টিটিউট ফর ট্রেইনিং অ্যান্ড রিসার্চ (ইউনোস্যাট) এটি নিশ্চিত করে। খবর বিবিসির।
গত সোমবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বেল মন্দির আংশিকভাবে ধ্বংস হয়েছিল বলে জানিয়েছিল। সিরিয়ার প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মামুন আব্দুল করিমও সেদিন প্রাথমিকভাবে বলেছিলেন, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হলেও মন্দিরের মূল কাঠামো অটুট আছে। তবে গতকাল ইউনোস্যাট বলেছে, ওই স্থাপনার প্রায় কিছুই আর অবশিষ্ট নেই।
উপগ্রহ চিত্র ছবি প্রকাশ করার পর ইউনোস্যাটের ব্যবস্থাপক এইনার বোর্গো বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, যে ছবি আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে, মন্দিরের মূল ভবনটি ধ্বংস হয়ে গেছে।’ সেই সঙ্গে ভবন-সংলগ্ন পাথরের স্তম্ভের সারিও মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
খালিদ আল-হোমসি নামের স্থানীয় এক অধিবাসী বলেন, ‘যখন এবারের বিস্ফোরণের শব্দ শুনলাম, ,মনে হলো নিজের শরীরের কোনো অংশ কেটে নেওয়া হচ্ছে। মনে হলো, ইতিহাস আর বিশ্ব জ্ঞানকে ধ্বংস করে ফেলা হচ্ছে। অন্য সব সিরীয় নাগরিকের মতো আমিও চরম উদ্বিগ্ন।’
দ্বিতীয় খ্রিষ্টাব্দে পালমিরায় খ্রিষ্টধর্ম আসার আগে এ অঞ্চলের মানুষ প্রাচীন দেবতা বেলের আরাধনা করত। বেল দেবতার পাশাপাশি মন্দিরে সূর্য ও চন্দ্র দেবতার পূজাও করত পালমিরার অধিবাসীরা।
দুই হাজার বছরের পুরোনো গ্রিক-রোমান স্থাপত্যকলার অনন্য নিদর্শন পালমিরার অবস্থান সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তর-পূর্বে মরুভূমির মধ্যে। ‘মরুভূমির মুক্তা’ নামে পরিচিত পালমিরা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।