বেলা শেষে নিঃসঙ্গ নির্বাসনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

৬২ বছরের দাম্পত্য। জীবনের গোধূলিবেলায় ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। কিন্তু দুঃখজনকভাবে কানাডার প্রবীণ ওলফার্ম গোজটাক (৮৩) ও তাঁর স্ত্রী অ্যানিটাকে (৮১) থাকতে হচ্ছে বিচ্ছিন্নভাবে। মাঝেমধ্যে যখনই দেখা হয়, তখনই হাতে হাত রেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। তাঁদের এক নাতনি এই কাহিনি ও ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশের পর তা নিয়ে তুমুল সাড়া পড়েছে।
দুই অশীতিপরের নাতনি অ্যাশলি বারাইক (২৯) বলেন, ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারের এক বৃদ্ধাশ্রম জানিয়েছে, দুজনকে একসঙ্গে ঠাঁই দেওয়ার মতো জায়গা নেই তাদের। সে কারণে দুজনকে দুই আশ্রমে যেতে হয়েছে।
গত মঙ্গলবার অ্যাশলি বারাইক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দাদা-দাদির হাতে হাত রাখা কান্নারত একটি ছবি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, ‘আমার এ পর্যন্ত তোলা সবচেয়ে করুণ ছবি!’
অনলাইনে ওই ছবি ছয় হাজারবার শেয়ার হয়েছে। বারাইক বলেন, গত জানুয়ারি মাসে তাঁর দাদা ওলফার্ম গোজটাক হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপরই তাঁর দাদা-দাদিকে বিচ্ছিন্নভাবে থাকার ব্যবস্থা করা হয়। বারাইক বলেন, ‘আমার দাদির জন্য এটি ছিল হৃদয়বিদারক। গত আট মাসের বিচ্ছিন্নতার পুরোটা সময় তাঁরা কেঁদেছেন।’ দাদা গোজটাক ক্যানসারে আক্রান্ত এ কথা উল্লেখ করে বারাইক বলেন, এখন দুজনের আরও কাছাকাছি থাকার দরকার। এ জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে প্রথম থেকেই। কিন্তু গত আট মাসেও কোনো উত্তর মেলেনি।
সমালোচকেরা বলছেন, এই দম্পতির বিচ্ছেদ কানাডার স্বাস্থ্যব্যবস্থার পশ্চাৎপদতার একটি উদাহরণ। ফেসবুকে বৃদ্ধ দম্পতির এই কাহিনি তুলে ধরার পর আর্থিক সহায়তারও প্রস্তাব এসেছে। কিন্তু তাঁদের পরিবার এ অর্থ নিতে চায় না। বরং চায় তাঁদের দেশে প্রবীণদের দেখভালের এই সমস্যার চিত্র তুলে ধরতে।