বেলারুশে পাতালরেলে বিস্ফোরণ, নিহত ১২
বেলারুশের রাজধানী মিনস্কের একটি জনবহুল পাতালরেল স্টেশনে এক বিস্ফোরণে ১২ জন নিহত ও ১২৬ জন আহত হয়েছে। ঘটনাস্থলের মাত্র ১০০ মিটার দূরে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।সোমবার সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অফিসফেরত লোকজন স্টেশনটিতে ভিড় করে ছিল। দেশটির কর্তৃপক্ষ এটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে।এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, ট্রেন থেকে নামার সময় হঠাৎ একটি আলোর ঝলকের সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই পুলিশ মিনস্কে সতর্কাবস্থা জারি করে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ওকতিয়াব্রাস্কায়া নামের ওই স্টেশনটি মিনস্কের অন্যতম ব্যস্ত পাতালরেল স্টেশন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এ বিস্ফোরণকে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা বলে অভিহিত করেছেন। তবে সরকারবিরোধী এক নেতা অভিযোগ করেছেন, পূর্ব ইউরোপের সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রটিকে আরও কঠোরভাবে শাসন করার সুযোগ নিতে লুকাশেঙ্কো নিজেই এ ঘটনা ঘটিয়েছেন। বিবিসি।