বেলুচিস্তান প্রশ্নে অবস্থান পরিবর্তন যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলুচিস্তানের জনগণের স্বায়ত্তশাসন প্রশ্নে অবস্থান পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানি নেতারা চরম ক্ষোভ প্রকাশের পর ওয়াশিংটন রাতারাতি অবস্থান পরিবর্তন করে। বেলুচিস্তানের স্বায়ত্তশাসনের প্রতি সমর্থন জানিয়ে এর আগে মার্কিন কংগ্রেসে বিল আনা হয়েছিল।যুক্তরাষ্ট্র সরকার গত রোববার জানিয়েছে, তারা বেলুচিস্তানের স্বাধীনতাকে সমর্থন করে না। এক বিবৃতিতে ইসলামাবাদে মার্কিন দূতাবাসের মুখপাত্র রবার্ট রেইনেস বলেন, ‘যুক্তরাষ্ট্র পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানায়। পররাষ্ট্রবিষয়ক বিভিন্ন বিষয়ে কংগ্রেস সদস্যরা আইন প্রণয়ন করেন। বেলুচিস্তান নিয়ে ওই বিল যুক্তরাষ্ট্র সরকারের কোনো বিশেষ নীতির অনুমোদনকে ইঙ্গিত করে না।’মার্কিন প্রতিনিধি পরিষদে কংগ্রেসম্যান ডানা রোহরাবাচের আনা প্রস্তাবটি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁর দেশের স্বার্বভৌমত্বের ওপর একটি আঘাত বলে নিন্দা জানান। এর এক দিন পর যুক্তরাষ্ট্র এই বিবৃতি প্রকাশ করল।বিবৃতিতে রেইনেস বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় বিলটি মুলতবির ব্যাপারে কোনো বিশেষ মন্তব্য করেনি। তবে বেলুচিস্তানের স্বাধীনতার প্রতি সমর্থন জানানো মার্কিন প্রশাসনের নীতি নয়।’বেলুচিস্তানের অধিকতর স্বায়ত্তশাসন ও প্রদেশটির খনিজ, গ্যাসসহ প্রাকৃতিক সম্পদের ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সেখানকার জাতীয়তাবাদী কিছু পক্ষ সহিংস ঘটনা ঘটাচ্ছে। বেলুচিস্তানের স্বায়ত্তশাসনের পক্ষে আন্দোলনকারীরা অভিযোগ করছে, গত দুই বছরে তাদের শত শত কর্মীকে অবৈধভাবে গ্রেপ্তার ও হত্যা করা হয়েছে। টিএনএন।